নার্গিসের ময়নাতদন্ত প্রতিবেদন ১৬ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
ভারতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন বাংলাদেশি নার্গিস আক্তার—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর মরদেহ ময়নাতদন্ত করে ১৬ জুনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খুলনার পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ প্রতিবেদন দিতে হবে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। নিহত নার্গিস আক্তারের মামি রাহেলা বেগম ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান গত বুধবার এ আবেদনটি করেছিলেন। গতকাল আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন এলিনা খান ও রেজিনা মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এলিনা খান প্রথম আলোকে বলেন, আদালত আদেশে আরও বলেছেন, নার্গিস আক্তারের মরদেহ হস্তান্তরের সময় ভারত সরকার যেসব নথি বাংলাদেশ সরকারকে দিয়েছে, তা ১৬ জুনের মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসচিবকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৯ মার্চ ভারতের আজমির শরিফ যাওয়ার জন্য অন্ধ মা ও মেয়েকে নিয়ে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য ট্রেনে ওঠেন নার্গিস আক্তার। পথে ভারতের কানপুর স্টেশন এলাকায় তিনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ রয়েছে। তবে বাংলাদেশ কিংবা ভারতের পুলিশের কাছ থেকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কোথায় কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও তথ্য পাওয়া যায়নি। পরে ১৯ মার্চ সোনাডাঙ্গা পুলিশ খুলনায় নার্গিসের বাড়িতে গিয়ে জানায়, তিনি ভারতে মারা গেছেন।