প্রসব-পূর্ব, প্রসবকালীন এবং প্রসব-পরবর্তী সময়ে বাংলাদেশে নার্স-মিডওয়াইফদের (ধাত্রী) সেবার ৪১ শতাংশ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। শহর এবং গ্রাম ভেদেও এ সেবা পাওয়ার ক্ষেত্রে আবার তারতম্য আছে। শহরে এ ধরনের সেবা বেশি পাওয়া যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধাত্রী আলাদা পেশা হিসেবে স্বীকৃতি পায়নি।
‘দি স্ট্যাট অব দি ওয়ার্ল্ডস মিডওয়াইফারি-২০১৪ ইউনিভার্সেল পাথওয়ে উইমেনস রাইট টু হেলথ’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রতিবেদনে মা ও নবজাতক মৃত্যুর হার কমিয়ে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (৪ ও ৫) অর্জনের জন্য ধাত্রী পেশাকে গুরুত্ব দিয়ে এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিডওয়াইফ শিক্ষায় বিনিয়োগ করলে তা থেকে ১৬ গুণ বেশি লাভ পাওয়া যায়। এ লাভ হলো জীবন বাঁচানো এবং অস্ত্রোপচার করে সন্তান প্রসবের খরচ কমানো।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইএনএফপিএর জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার (মিডওয়াইফারি) মিশেলা মিশেল-স্কুলডট। বিশ্বের নিম্ন এবং মধ্য আয়ের ৭৩টি দেশে ধাত্রীসেবার পরিস্থিতি, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ২০১১ সালের বিশ্ব প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন দেশ কতটুকু অগ্রগতি অর্জন করেছে সেসব তথ্যও এতে গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইউনিটের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট মাতৃ ও নবজাতক মৃত্যু এবং মৃত সন্তান প্রসবের ৯২ শতাংশের বেশি ঘটছে ৭৩টি দেশে। এ দেশগুলোতে নার্স এবং ধাত্রীদের সংখ্যা কম বলেই মা ও নবজাতক মৃত্যুহার বেশি হচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার অস্ত্রোপচার করে সন্তান প্রসবের চেয়ে স্বাভাবিক প্রসব করানোর বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ধাত্রী কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বাভাবিক প্রসবের জন্য সরকারের অনেক কেন্দ্র আছে। তবে নারীরা কষ্ট করতে চান না। অস্ত্রোপচার করে দ্রুত সন্তান প্রসব করতে চান। সন্তান জন্মানোর পর অনেকে বুকের দুধও খাওয়াতে চান না। ফলে মায়ের সঙ্গে সন্তানের যে ভালোবাসার সম্পর্ক, তা দিন দিন কমে যাচ্ছে। তাই গর্ভবতী মায়েদের প্রতি সেবার হাত বাড়িয়ে দিতে হবে। তাঁদের যে পর্যায়ে যে ধরনের সেবা প্রয়োজন, তা-ই দিতে হবে।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন প্যারানিটহারান, সেবা পরিদপ্তরের পরিচালক তাসলিমা বেগম, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি হালিমা আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন।