নার্স নিয়োগে বয়স শিথিল, বদলাচ্ছে পোশাকের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাচ্ছে নার্সদের পোশাকের (ইউনিফর্ম) রং। তবে পোশাক হিসেবে শাড়ি বহাল থাকবে, নাকি অন্য কিছু হবে, তা নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নার্সদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি তাঁদের পোশাক ও এর রং নিয়ে আলোচনা হয়। রং পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়, সাদা পোশাক ব্লিচিং পাউডার দিয়ে ধুতে হয়, এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বাড়ে। বৈঠকে উপস্থিত সূত্র এসব তথ্য জানিয়েছে।

বৈঠক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের পোশাকের রং ও ধরনের কয়েকটি বিকল্প দেখাতে স্বাস্থ্যসচিবকে দায়িত্ব দেন। বৈঠকে সেবা পরিদপ্তরের আওতাধীন হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সের শূন্য পদে নিয়োগে প্রার্থীর বয়স শিথিল করা হয়। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনধিক ৩৬ বছর বয়সী প্রার্থীরা এসব শূন্য পদে আবেদন করতে পারবেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ২০০৬ সাল পর্যন্ত যাঁরা নার্সিং পাস করেছেন, তাঁরাই কেবল সরকারি চাকরি পেয়েছেন। আইন ও নিয়োগবিধির জটিলতার কারণে অন্যরা সরকারি চাকরি পাননি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা শূন্য পদে নার্স নিয়োগে প্রার্থীর বয়স শিথিল করেছে। তিনি বলেন, দেশে এখন নার্সের শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৭২৮ জন। প্রধানমন্ত্রী আরও ১০ হাজার নার্স নিয়োগের কথা বলেছেন। সব মিলিয়ে ১৩ হাজার ৭২৮ জন নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

সচিব বলেন, বাংলাদেশে চিকিৎসকের তুলনায় নার্সের সংখ্যা বেশ কম। নার্স নিয়োগের ক্ষেত্রে চারটি নীতিমালা আছে। এ ছাড়া নিয়োগবিধি নিয়েও রয়েছে মামলা ও জটিলতা। সরকার সব মিলিয়ে নার্স নিয়োগের জন্য একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

গতকালের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি আইন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গত বছরের ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন লাভ করে। গতকাল এটি চূড়ান্ত অনুমোদনের জন্য এলে আইনে কোষাধ্যক্ষের পদটি নতুন করে যুক্ত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর ফলে আইনটি পুনরায় ভেটিং (আইনি যাচাই) করে জাতীয় সংসদে পাঠানো হবে।

এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট গঠনের ক্ষেত্রে একটি সংশোধনী আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু এটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেহেতু মন্ত্রিসভা মনে করেছে, ওই বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে রবীন্দ্র বিশেষজ্ঞ থাকা উচিত। এ বিষয়ে আলোচনার পর বিশ্ববিদ্যালয়টির সিনেটে চারজন রবীন্দ্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।