প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আবেদনপত্র
নার্স নিয়োগের ঘোষণা বাস্তবায়ন না হলে আমরণ অনশন কর্মসূচি
প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন ও দাবি মানা না হলে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের ছয়জন প্রতিনিধি গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তবে সেখানে ঘণ্টা খানেক অবস্থান করেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে পারেননি।অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনার সভাপতিত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদনপত্র জমা দিয়ে এসেছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে এই সংগঠন। আজকের মধ্যে দাবি পূরণ না হলে কাল বুধবার সকাল ১০টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন সংগঠনের প্রতিনিধিরা।ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার আগে গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পদযাত্রা শুরু করেন। শহীদ মিনার থেকে পদযাত্রাটি শাহবাগে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে নার্সরা রাস্তায় বসে পড়েন। পরে পুলিশের অনুরোধে দুপুরে প্রতিনিধিরা রাস্তা ছেড়ে দেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী চান দীর্ঘদিন ধরে যাঁরা বেকার বসে আছেন, তাঁদের সবাইকে নিয়োগ দিতে। তবে এখন পর্যন্ত নতুন পদ সৃষ্টি হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে পদ সৃষ্টি হয়ে গেলেই নার্সরা নিয়োগ পাবেন।’