নার্স সমাবেশের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নার্স সমাবেশ’ সফল করতে সহযোগিতার অজুহাত দেখিয়ে সারা দেশে নার্সদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের বিরুদ্ধে। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। সরকারি কোনো কর্মসূচি না হওয়া সত্ত্বেও ওই সংগঠনের আয়োজিত নার্স সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার জন্য সরকারের সেবা পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কাজী মোস্তফা সারোয়ার গত ২৭ জুন নার্সিং সংশ্লিষ্টদের কাছে চিঠি দেন। তিনি বিভাগীয় শহরের হাসপাতাল, জেলা ও উপজেলার হাসপাতাল এবং নার্সিং প্রতিষ্ঠানের প্রধানদের কাছে তিন হাজার নার্সের তালিকা করে চিঠি পাঠান। এর মধ্যে ঢাকা মেডিকেলের ২০০, মিটফোর্ড হাসপাতালের ১০০, সোহরাওয়ার্দী হাসপাতালের ৭০ জনসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছে নার্স চেয়ে চিঠি পাঠিয়েছেন সেবা পরিদপ্তরের পরিচালক। এই নার্সদের সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে।সেবা পরিদপ্তরের পরিচালকের প্রথম চিঠিকে অবলম্বন করে ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চলছে চাঁদাবাজি। সংগঠনটির সভাপতি ও কলেজ অব নার্সিংয়ের প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) বেগম ইসমত আরা পারভীন ওই অর্থ সংগ্রহ করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদাবাজির ঘটনা নিয়ে মাঠপর্যায়ের সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্তব্যরত নার্সদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নার্সদের অন্য সব সংগঠনের সদস্যদের মধ্যে। এসব সংগঠন থেকে সেবা পরিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। গত ৯ জুন নার্সরা এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেন।বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বেগম ইসমত আরা পারভীন প্রথম আলোকে বলেন, নার্সদের কল্যাণে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের দিন নিবন্ধনের জন্য নার্সরা সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছেন, বিষয়টি চাঁদা নয়। তা ছাড়া এ টাকার জন্য রসিদও দেওয়া হচ্ছে না। গত ২৭ জুন সেবা পরিদপ্তরের পরিচালক কাজী মোস্তফা সরোয়ারের সই করা চিঠিতে ‘বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আয়োজিত নার্স সমাবেশ, ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করতে বলা হয়। এ চিঠি ইতিমধ্যে দেশের সব চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল, সিভিল সার্জনের দপ্তর, নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ১৬ জুলাই নার্স সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বেগম ইসমত আরা পারভীনের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সেবা পরিদপ্তর থেকে পাঠানো চিঠির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো চিঠির কপিটি সংযুক্ত করা হয়েছে।এ চিঠি দেখিয়ে ও প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ইসমত আরা পারভীনের সমর্থকেরা সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সদের কাছ থেকে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন বলে নার্সরা অভিযোগ করেন। অনুষ্ঠান সফল করতে স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলানসহ সংগঠনের সাতজন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান হাওলাদার প্রথম আলোকে বলেন, সারা দেশে সরকারি ও বেসরকারি মিলে ২৬ হাজার নার্স রয়েছেন। বদলি ও চাকরিচ্যুতির ভয় দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের সংগঠন সেবা পরিদপ্তরে চাঁদাবাজির বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাননি। সমাবেশে তাঁকে সম্পৃক্ত না করায় সংগঠন সমাবেশ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।সংগঠনের মহাসচিব হাছনা বেগম বলেন, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা এ চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের কাছ থেকে জরিমানাসহ দুই হাজার টাকা আদায় করা হচ্ছে।গত ৯ জুলাই সংবাদ সম্মেলনে নার্সনেত্রী হাছনা বেগম চাঁদা নেওয়ার প্রমাণ হিসেবে গত ৭ জুলাই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক হেনা রানী সাহা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির কপি সাংবাদিকদের কাছে দেন। জানতে চাইলে সেবা পরিদপ্তরের পরিচালক কাজী মোস্তাফা সারোয়ার টেলিফোনে প্রথম আলোকে বলেন, এটি সরকারি কোনো অনুষ্ঠান নয়। নার্সদের সমাবেশে প্রধানমন্ত্রী আসবেন। ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ায় নার্সরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে সমাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য চিঠি দিয়েছি। একটি অনুষ্ঠান করতে হলে প্রচুর টাকার দরকার। নার্সরা সে খরচের টাকা তোলার জন্য নিজেদের মধ্য থেকেই টাকা ওঠাচ্ছেন, বিষয়টি চাঁদাবাজি নয়।’