নার্স হোস্টেলে আগুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল-সংলগ্ন নার্সিং কলেজের সামনে বহুতল নার্স হোস্টেলে এ ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক নার্স অসুস্থ হয়ে পড়েন। অন্যরা দ্রুত নিরাপদে নিবাস থেকে বের হয়ে যান।
স্টাফ নার্স মুকুল বেগম বলেন, নিবাসের তৃতীয় তলার সামনের ব্লকের পূর্ব দিকের একটি কক্ষে থাকেন স্টাফ নার্স নাসিমা বেগম। বর্তমানে তিনি ঢাকায় থাকায় কক্ষটি তালাবদ্ধ ছিল। রাত পৌনে ১০টার দিকে হঠাৎ ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন লাগার বিষয়টি নিশ্চিত হলে হোস্টেলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত সবাই হোস্টেল থেকে বেরিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, আগুনে হোস্টেলের তৃতীয় তলার একটি কক্ষের আসবাবসহ সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আরও দু-তিনটি কক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।