নার্সদের আন্দোলন চলছে, নিয়োগ পরীক্ষা আজ
ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরিপ্রত্যাশী নার্সরা। স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও শেষে গত বুধবার রাত থেকে তাঁরা ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান করছেন। দাবি আদায় না হলে শিগগিরই তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও তাঁদের দাবির প্রতি সরকারের সহানুভূতির কথা জানিয়েছেন। কিন্তু পরীক্ষা ছাড়া নিয়োগের সুযোগ নেই বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এদিকে আন্দোলনকারী ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে।
আন্দোলনরত বেকার নার্সরা জানিয়েছেন, এবারই প্রথম নার্স নিয়োগে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে পরীক্ষা হওয়ার কথা।
পিএসসির পক্ষ থেকে গত ২৮ মার্চ সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৩ হাজার ৬১৩টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিনই আন্দোলনে নামেন কয়েক হাজার বেকার নার্স। ৩০ মার্চ তাঁরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। ৪ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ)’ ও ‘বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)’ নামের এ দুটি সংগঠনের ব্যানারে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রায় এক মাসের অবস্থান শেষে তাঁরা অনশনে যান। তিন দিনের মাথায় গত ১ মে স্বাস্থ্যমন্ত্রী বেকার নার্সদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অনশন ভাঙেন।
বিবিজিএনএসের সভাপতি রাজীব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলেও গত ৯ মে পিএসসি একটি প্রজ্ঞাপন জারি করে। এতে নার্স নিয়োগের ক্ষেত্রে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে ১০০ নম্বরের বহুনির্বাচনী ও মৌখিক পরীক্ষার ঘোষণা দেওয়া হয়। এরপর পরীক্ষা বাতিলের জন্য আবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রাজীব কুমার বলেন, দাবি আদায়ে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গত ২৩ মে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয়েছিল। সে সময় মন্ত্রী ৩১ মের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু দাবি আদায় না হওয়ায় গত বুধবার তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসভবন ঘেরাও করেন। রাজীব কুমার বলেন, ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও সাদাপোশাকের ৪০ থেকে ৫০ জন ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালান। এতে অন্তত অর্ধশত আন্দোলনকারী আহত হন।
স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি শেষে গতকাল রাতেই তাঁরা ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান নেন। গতকাল দুপুরে নার্সিং কলেজের সামনে দুই থেকে আড়াই হাজার বেকার নার্সকে অবস্থান করতে দেখা যায়। দাবি আদায় না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারী নার্সরা বলেছেন, ২০১১ সালে সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। আর সর্বশেষ ব্যাচভিত্তিক নার্স নিয়োগ হয় ২০১৩ সালে। তাঁরা বলেন, ওই নিয়োগেও আগের মতো দেশের সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ নিয়োগে ২০০৬ ব্যাচের অর্ধেক শিক্ষার্থী নিয়োগ পেয়েছেন। এরপর হঠাৎ করে এবার নিয়োগের জন্য পরীক্ষাপদ্ধতি প্রণয়ন করা হয়।
২০০৬ ব্যাচের নিয়োগ না পাওয়া রিনা হোসেন বলেন, ‘ব্যাচভিত্তিক নিয়োগ দেওয়া হবে, এটা জেনেই পরীক্ষা দিয়ে নার্সিং কলেজে ভর্তি হয়েছি। ভেবেছিলাম, পড়ালেখা শেষ হলে একসময় নিয়োগ পাবই। কিন্তু এখন যদি পরীক্ষার নামে আমাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা কী করব। আমরা তো অন্য পেশাতেও যেতে পারব না।’
তাজুল ইসলাম নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ২০১৪ সালের হিসাব অনুযায়ী দেশের সরকারি হাসপাতালগুলোতে ২০ হাজার ৩০০ নার্স রয়েছেন। প্রতিবছর সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউট থেকে পাস করেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী। সরকারের সদিচ্ছা থাকলে বেকার সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব।
বিভিন্ন সংগঠনের উদ্বেগ ও প্রতিবাদ: বুধবার স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে নার্সদের ওপর পুলিশের হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রসহ (আসক) বিভিন্ন সংগঠন উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ বেসিক নার্সিং কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ, জাতীয় মুক্তি কাউন্সিল ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।