নার্সদের আন্দোলন আপাতত স্থগিত
প্রধানমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন নার্স নেতারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই মাস ধরে নার্সদের দুটি সংগঠন আন্দোলন করে আসছে।
চলমান আন্দোলনের মধ্যেই ৩ জুন সরকারি কর্মকমিশন নার্স নিয়োগ পরীক্ষা শেষ করে। নার্সদের সংগঠনগুলো নতুন করে পরীক্ষা নেওয়ার এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি করেছে। বলছে, পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নার্স অংশ নেয়নি।
এক প্রশ্নের জবাবে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) মহাসচিব ফারুক হোসেন বলেন, ‘নার্সিং পেশায় ৯৮ শতাংশ নারী। পুলিশের হামলায় এক নার্সের গর্ভপাত হয়েছে। আমাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাতজন গুরুতর আহত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আমরা নিরাপদ বোধ করছি না।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সাধারণ সম্পাদক নাহিদা আক্তার। তিনি বলেন, ‘এর আগে স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিলেও পিএসসি তাদের পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখে। এর অংশ হিসেবে গতকাল (৩ জুন) নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।’