নার্সদের চিকিৎসায় প্রসূতির মৃত্যু!
সিরাজগঞ্জের বেলকুচিতে নার্সদের ভুলে এক প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ৫ জুন এই মৃত্যুর ঘটনা ঘটে। তদন্ত কমিটির পত্র ও হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউপির সাতলাঠি গ্রামের আবু তালেবের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা আকলিমা খাতুনকে (৩০) ৫ জুন সকাল আটটার দিকে বেলকুচি হাসপাতালে নিয়ে আনা হয়। এ সময় দায়িত্বে থাকা নার্স শাহানাজ পারভিন, হাসনা খাতুন ও লাভলী খাতুন রোগীকে দেখে আলট্রাসনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখে শাহানাজ পারভীন জানান, বাচ্চা প্রায় পাঁচ-ছয় দিন আগেই মারা গেছে। এ অবস্থায় তাঁকে ওষুধ দিয়ে প্রসব করাতে হবে বলে সাত হাজার টাকা দাবি করেন। এ সময় রোগীর আত্মীয়স্বজন চার হাজার টাকায় মিটিয়ে চিকিৎসা করাতে বলেন। তাঁরা প্রসূতিকে দুটি কটসন ইনজেকশন, চারটি অক্সিটোসিন ইনজেকশন ও হার্টসল স্যালাইন পুশ করেন। এতে রোগী নিস্তেজ হয়ে পড়েন। এ সময় নার্সরা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াইস কুরুনিকে ডেকে আনেন। আরএমও এসে দেখেন, রোগী মারা গেছেন। আকলিমার মৃত্যুর পর ভর্তি ফরম এনে ভর্তি করানো হয় এবং ভর্তি থাকা অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রসূতির চাচাশ্বশুর শামসুল হক অভিযোগ করে বলেন, ‘নার্সরা নিজেরাই রোগীকে ইনজেকশন দিয়েছেন। তাঁরা চার হাজার টাকা নিয়েছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে আমাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।’শাহানাজ পারভিন বলেন, ‘ওই দিন সকালে রোগীকে নিয়ে এলে তাঁর অবস্থা তখনই নাজুক ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তখন আমরা তাঁর চিকিৎসা করি। কিন্তু অক্সিটোসিন ইনজেকশন পুশ করিনি।’ নার্স হাসনা খাতুন বলেন, ‘আমরা রোগীকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের টাকা লেনদেনের বিষয়ে কোনো কথা হয়নি।’ আরেক সিনিয়র নার্স লাভলী খাতুন বলেন, ‘আমরা রোগীকে চিকিৎসা দেওয়ার আগেই ভর্তি করেছি।’ ওয়াইসকুরুনি বলেন, ‘ওই দিন আমি হাসপাতালে ছিলাম। যখন আমাকে ডেকে নিয়ে গেছে, তার আগেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীকে কী কী ওষুধ দেওয়া হয়েছে, তা আমি জানি না। কারণ, আমাকে আগে কিছুই জানাননি তাঁরা।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওসমান গণি বলেন, ‘আকলিমার ঘটনার সময় আমি প্রশিক্ষণে ছিলাম। পরে এসে সব ঘটনা শুনেছি। সিভিল সার্জন অফিস থেকে আমাকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করে পত্র দিয়েছে।’ সিভিল সার্জন নাজিমউদ্দিন জানান, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।