নার্সদের সেবা পরিদপ্তর ঘেরাও
নিয়োগ পদ্ধতিতে পরিবর্তনের দাবিতে বেকার নার্সরা গতকাল শনিবার সকাল ১০টায় সেবা পরিদপ্তর ঘেরাও করেন। আজ রোববার শহীদ মিনারে একই দাবিতে তাঁদের জমায়েত হওয়ার কথা।
আন্দোলনরত নার্সরা যখন আগারগাঁওয়ে সেবা পরিদপ্তর ঘেরাও করেন, তখন ভেতরে আটকা পড়েন সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নিলোফার ফরহাদ। সরকারের তরফ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত স্থগিত করেন তাঁরা।
আন্দোলনরত নার্সরা বলেন, নার্সদের সর্বশেষ নিয়োগ হয় ২০১৩ সালে। সে সময় ৪ হাজার ১০০ নার্স নিয়োগ পেয়েছিলেন। এখন যে ২২ হাজার নার্স বেকার, তাঁরা ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে পাস করেছেন। নিয়মিত নিয়োগ না হওয়ায় তাঁরা ১০ বছর ধরেই বেকার। বাংলাদেশ সরকারি কর্মকমিশন গত ২৯ তারিখ যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে ৩ হাজার ৭০০ জনকে নিয়োগের কথা বলা হয়েছে। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০। ব্যাচভিত্তিক এবং জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে নিয়োগের ব্যাপারে কিছু বলা হয়নি। নার্সরা চাইছেন ব্যাচ ধরে নিয়োগ-প্রক্রিয়া শেষ করা হোক।