নার্সরা কাজে যোগ দিয়েছেন, তবে বিরোধ মেটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ধর্মঘটী নার্সরা গতকাল বুধবার বিকেলে কাজে যোগ দিয়েছেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ মেটেনি। এর আগ পর্যন্ত নার্সরা কাজ বন্ধ রাখায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। চাকরিচ্যুত ১২ জন নার্সকে পুনর্বহালের দাবিতে নার্সরা মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে চিকিত্সকদের অনুরোধে নার্সরা কাজে যোগ দেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের এই বলে আশ্বস্ত করে যে, চাকরিচ্যুতরা নির্দোষ হলে তাঁদের পুনর্বহাল করা হবে। সূত্র জানায়, সন্ধ্যায় পরিচালনা পর্ষদের সভায় চাকরিচ্যুতদের পুনর্বহাল কিংবা বেতন বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় সিদ্ধান্ত হয়, হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরিচ্যুতদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সে পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারবেন না। এ কথা জানার পর নার্সদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কাজে ফেরা একজন নার্স প্রথম আলোকে বলেন, চিকিত্সক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘নির্দেশে’ ধর্মঘটীরা কাজে যোগ দিয়েছেন। তবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারেননি। কাজে যোগ দিলেও আজ বৃহস্পতিবার নার্সরা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন।