নার্সারিটি ধ্বংস হয়ে যাবে!

উলটকম্বল, নাগমণি, লবঙ্গ, হাড়জোড়া—এসব গাছ এখন ঢাকা শহরে তো নয়ই, সারা দেশেই খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এমন প্রায় ২০০ প্রজাতির গাছের চারা এই নগরের একটি নার্সারিতে আছে। রাজধানীর বেইলি রোডে বন বিভাগের সেই একমাত্র নার্সারিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভেঙে সেখানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক কমপ্লেক্স নির্মাণ করা হবে।
সরকার বলছে, নার্সারিটি অন্যত্র স্থানান্তর করা হবে। কিন্তু এর জন্য এখনো জমি নির্দিষ্ট করা হয়নি। বন বিভাগের দাবি, কমপ্লেক্সটি করার বিষয়ে আপত্তি করেও কাজ হয়নি। নিসর্গপ্রেমী ও পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এভাবে নার্সারিটি ধ্বংস হয়ে যাবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন বেইলি রোডের এই নার্সারিটি তৈরি হয় ১৯৬৪ সালে। নার্সারিটি ০.৯৬ একর জায়গার ওপর। সঙ্গে আছে ঢাকার সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়।
২০১৩ সালে পূর্ত মন্ত্রণালয় জায়গাটিতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স স্থাপন করার জন্য বন বিভাগকে এটি ছেড়ে দিতে বলে। এ-সংক্রান্ত নির্দেশটি গত বছরের নভেম্বরে পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান বন কর্মকর্তা (সিসিএফ) ইউনুছ আলী। আগামী এপ্রিলে জায়গাটি বন বিভাগ ছেড়ে দেবে।
নার্সারির সামনে এখন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় প্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্ধারিত স্থান’ লেখা একটি বিশাল সাইনবোর্ড। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা জানান, এপ্রিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নকশা অনুমোদন করা হবে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ, তিন সার্কেলপ্রধানের কার্যালয়, তিন জেলা পরিষদসহ ওই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক নানা ঐতিহ্যের স্মারক তুলে ধরা হবে এই কমপ্লেক্সে।
প্রকৃতিপ্রেমী ও লেখক দ্বিজেন শর্মা বলেন, একটি বিকল্প জায়গা নির্দিষ্ট না করে নার্সারিটি তুলে দেওয়ার অর্থ হলো এটি ধ্বংস করা।
প্রতিবছর নার্সারিটি থেকে প্রায় চার লাখ চারা উত্তোলন ও বিক্রি করা হয়। প্রতি চারার দাম পাঁচ টাকা।
ইউনুস আলী জানান, বন বিভাগ রাজধানীর মিরপুর, আগারগাঁওয়ে দুই একর জায়গা চেয়েছে। না পেলে সাভারে জায়গা দিতে অনুরোধ করেছে। তবে এখনো কোনো জায়গা নির্দিষ্ট করে তাদের বুঝিয়ে দেওয়া হয়নি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব গোলাম রব্বানী বলেন, ‘আমি এই মন্ত্রণালয়ে নতুন। নার্সারির জন্য জমি দেওয়া হয়েছে কি না, জানি না।’
নববিক্রম কিশোর ত্রিপুরা অভিযোগ করেন, জায়গাটি যেন হাতছাড়া হয়ে না যায়, সে জন্য বন বিভাগ পেছন থেকে কাজ করে যাচ্ছে। নার্সারিটি রক্ষার আন্দোলনে জড়িত ব্যক্তিরা বলছেন, বিকল্প না রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই তাঁরা এর বিরোধিতা করছেন।
আন্দোলনের সঙ্গে জড়িত গণঐক্যের নেতা পঙ্কজ ভট্টাচার্য্য বললেন, ‘ঢাকায় পার্বত্য চট্টগ্রামের জন্য কমপ্লেক্স একটি জাতীয় স্মারক। আমরা তো অবিবেচক নই, এর বিরোধিতা করব কেন?’ তিনি অভিযোগ করেন, একটি বিতর্ক করে পার্বত্য চট্টগ্রামের জন্য এমন একটি কমপ্লেক্স যেন না হতে পারে, সে জন্য সরকারের একটি মহল এমন জায়গা বেছে নিয়েছে।
নাগরিক সমাবেশ: নার্সারিটি রক্ষার দাবিতে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, গ্রিন ভয়েস ও নার্সারি রক্ষা আন্দোলন।