নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়া খরচ বাড়ানোর প্রতিবাদে সাতক্ষীরা সরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। গত মঙ্গলবার রাতভর বিক্ষোভ শেষে গতকাল বুধবার সকালে তাঁরা ইনস্টিটিউট চত্বরেও মিছিল করেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, ইনস্টিটিউটে তিন বর্ষে ২০৪ জন ছাত্রী রয়েছেন। সম্প্রতি কর্তৃপক্ষ প্রতিমাসের খাওয়া খরচ ৬০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করে। সোমবার শিক্ষার্থীরা এর প্রতিবাদ করায় কর্তৃপক্ষ তাঁদের হুমকি-ধমকি দিয়ে দমানোর চেষ্টা করে। মঙ্গলবার রাতে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক মঞ্জু রানী ও হাউস কিপার কল্যাণী সরকার ছাত্রীদের কক্ষে হিটার তল্লাশির নামে বিছানা ও আসবাবপত্র ছুড়ে ফেলে দেন। রাতভর শিক্ষার্থীদের দোতলার টিভিকক্ষে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়।
সকালে তালা খুলে দিলে ছাত্রীরা বাড়ি চলে যেতে চাইলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। পরে মূল ফটকে তালা দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। অবরুদ্ধ হয়ে পড়লে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। পরে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
প্রশিক্ষক মঞ্জু রানী বলেন, মিল চার্জ বাড়ানোর ঘোষণা দেওয়ায় ছাত্রীরা বিক্ষোভ করেন। তবে রাতভর তাঁদের আটকে রাখার ঘটনা সত্য নয়।