নার্সিং ইনস্টিটিউটের ৫৮ শিক্ষার্থী অসুস্থ
ফরিদপুর শহরের ঝিলটুলিতে অবস্থিত ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের ৫৮ জন শিক্ষার্থী পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীরা ডায়াবেটিক হাসপাতাল ও ছাত্রীনিবাসে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের শিক্ষার্থী ১০৫ জন। শনিবার সকালে নিবাসের সবাই খিচুড়ি খান। খাওয়ার পর কেউ কেউ পেটে ব্যথা অনুভব করেন। দুপুরে কয়েকজন বমি করেন এবং রাতে কারও কারও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি স্বাভাবিক মনে করে রাতে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।
ছাত্রীনিবাসের হাউসকিপার পারভিন আক্তার বলেন, শনিবার রাতে প্রথমে ছয়জন আক্রান্ত হন। এ সময় অনেকেই চিকিৎসক দেখিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রোববার আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেলে রাতে পুনরায় চিকিৎসকদের দেখানো হয়। পরে গতকাল সোমবার সকাল আটটার দিকে বেশি আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিন্দ্র বাড়ৈ গতকাল প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত প্রথম বর্ষের ১৮ জন, দ্বিতীয় বর্ষের ২৫ জন ও তৃতীয় বর্ষের ১৫ জন পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। বেশি আক্রান্ত ১০ জনকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে ছাত্রীনিবাসে হাতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। বাকিরা খাওয়ার স্যালাইন খাচ্ছেন।
অধ্যক্ষের ধারণা, খাওয়ার পানি বা খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা আক্রান্ত হতে পারেন।