নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্সিং পেশার পাশাপাশি ধাত্রীবিদ্যায় (মিডওয়াইফারি) ডিগ্রিধারীদেরও পেশাগত সনদ দেওয়ার বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ-সংক্রান্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

১৯৮৩ সালের বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল করে কিছু সংশোধনীসহ নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। প্রস্তাবিত আইনে ২২ সদস্যের কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। কাউন্সিল নার্সিং ও ধাত্রীবিদ্যায় ডিগ্রিধারীদের স্বীকৃতি দেবে। পাশাপাশি নার্স, ধাত্রী ছাড়াও তাঁদের সহযোগীদের নিবন্ধন করতে হবে।

বিলে বলা হয়েছে, কাউন্সিল বিদেশ থেকে নার্সিং ও ধাত্রীবিদ্যায় ডিগ্রিধারীদেরও সনদ দেবে। নিবন্ধন ছাড়া কেউ নার্সিং, ধাত্রী বা সহযোগীর পেশায় নিয়োজিত থাকলে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় স্থাপনের বিধান রেখে ১৯৮৬ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে গতকাল সংসদে বিল উত্থাপন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০১৬ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।