নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে কর্মকর্তাসহ বিভিন্ন শূন্যপদে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে গতকাল রোববার রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১০টায় মিছিলটি রাজশাহী নার্সিং কলেজ থেকে নগরের ঘোষপাড়ার মোড় ও লক্ষ্মীপুর হয়ে আবার কলেজ প্রাঙ্গণে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিবিজিএনএসের সহ-টেলিকমিউনিকেশন ও যোগাযোগবিষয়ক সম্পাদক নাহিদ উজ জামান, সংগঠনের সাবেক সহসভাপতি আবদুর রাজ্জাক মণ্ডল, বিএসসি ইন নার্সিং স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ইশরাত শারমিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি হাসপাতালেই প্রচুরসংখ্যক নার্সিং কর্মকর্তার অভাব রয়েছে এবং নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের অভাব রয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার মতে, মানসম্মত সেবা নিশ্চিতকরণের জন্য হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তিনজন রোগীর জন্য একজন নার্স থাকা উচিত। দীর্ঘদিন ধরে তাঁরা প্রথম শ্রেণির মর্যাদার জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি নেই।