নার্সিং ক্যাডার চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

নার্সিং পেশায় স্বতন্ত্র প্রফেশনাল বিসিএস ক্যাডার সার্ভিস (নার্সিং ক্যাডার) চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সিলেট নার্সিং কলেজের চার শতাধিক শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নগরের কাজলশাহ এলাকায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম, সহসভাপতি রুজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজিয়া নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে আয়োজকেরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে নার্সিং ক্যাডার চালু, ইন্টার্নশিপ ভাতা ৬ হাজার থেকে ১৫ হাজার টাকায় উন্নীত এবং শিক্ষার্থীদের প্রতি মাসে বৃত্তি ভাতা দ্বিগুণ করা, নার্সিং কর্মকর্তাদের বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি পুনরায় বিবেচনা, নার্সিং শিক্ষার মান সুনিশ্চিত করতে নার্সিং কলেজগুলোতে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ এবং প্রতিটি নার্সিং কলেজের ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ ও স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।