নার্সিং শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা অবশেষে অনশন ভেঙেছেন। ডিরেক্টরেট অব নার্সিং সার্ভিসের (ডিএনএস) পক্ষ থেকে তাঁদের ছয় দফা দাবির মধ্যে তিনটি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ তিনটি দাবি হলো ইন্টার্নশিপের মেয়াদ ও মাথাপিছু বৃত্তির পরিমাণ বাড়ানো এবং ইউনিফর্ম হিসেবে অ্যাপ্রোন পরার অনুমতি প্রদান। কর্মসূচির তৃতীয় দিনে গতকাল বুধবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ হোসনে আরা, নার্সিং সুপার মিনারা খানম, সহকারী পরিচালক মোদাব্বের আহমেদ শিক্ষার্থীদের অনশন ভাঙান। এর আগে গতকাল সকালে অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে শিল্পী রানী ও তৌহিদা আক্তার নামের দুজন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এসডব্লিউএ) গত সোমবার থেকে কলেজ ক্যাম্পাসে অনশন কর্মসূচি শুরু করে। কেন্দ্রীয় সংগঠন বিবিজিএসএনএর (বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্স অ্যাসোসিয়েশন) অধীনে দেশের সাতটি নার্সিং কলেজে একই কর্মসূচি পালিত হয়। এসডব্লিউএ চট্টগ্রাম নার্সিং কলেজ শাখার সাধারণ সম্পাদক মেরী নাথ প্রথম আলোকে বলেন, ‘গতকাল ডিএনএসের পক্ষ থেকে লিখিতভাবে আগামী তিন মাসের মধ্যে আমাদের তিনটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অনশন ভাঙার অনুরোধ জানানো হয়। তাই বিবিজিএসএনএর সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি।’ ছয় দফা দাবির মধ্যে রয়েছে: ছয় মাস থেকে এক বছর মেয়াদের ইন্টার্নশিপ চালু করা, মাথাপিছু বৃত্তির পরিমাণ বাড়িয়ে ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ, বিশেষ বিসিএস চালুসহ সুনির্দিষ্ট বিধিমালা তৈরি, বিএসসি নার্সিং কোর্স শেষে মাস্টার্স ও উচ্চশিক্ষার সুব্যবস্থা, পৃথক সেবা অনুষদ গঠন এবং ইউনিফর্মের সঙ্গে সুরক্ষা পোশাক হিসেবে অ্যাপ্রোন প্রদান।