নার্সিং সেবায় অবদান রাখায় ১২ জনকে সম্মাননা
নার্সিং সেবায় বিশেষ অবদান রাখায় ১২ জন নার্সকে ‘মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড-২০১৬’ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি৷
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়৷
পুরস্কারপ্রাপ্ত নার্সরা হলেন বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র নার্সিং সুপারভাইজার স্বপ্না মণ্ডল, যোসফিন রোজারিও, নার্সিং সুপারভাইজার প্রতিমা ঘাঘ্রা, শান্তি রানী দাস, সিনিয়র স্টাফ নার্স রীতা সুনু কাম্পু ও ফরিদা ইয়াসমিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নার্সিং সুপারভাইজার নজরুল ইসলাম, স্টাফ নার্স মাকসুদা আক্তার, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) সিনিয়র স্টাফ নার্স মোমতাহেনা, জুনিয়র নার্স পাস্কলিনা খান, বিআইএইচএস জেনারেল হাসপাতালের স্টাফ নার্স সালমা আক্তার ও নির্মলা রানী৷ পুরস্কার হিসেবে তাঁদের প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি সনদপত্র ও ১০ হাজার টাকা দেওয়া হয়৷
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য মাহবুব-উজ-জামান ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷