নার্সিংয়ে ৯০ শতাংশ নারী কোটা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ নারী কোটার বিধান রেখে জারি করা এক প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। নয় বছর আগে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল।

আদালত আদেশে নারীদের ৯০ শতাংশ কোটার এই বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, জারি হওয়া ভর্তি নীতিমালায় ছাত্রছাত্রীদের ভর্তি-সংক্রান্ত শর্তাবলি অধ্যায়ের ৮ নম্বর কলামে বলা হয়, সেবা ইনস্টিটিউট বা কলেজের মোট আসনসংখ্যার অনধিক ১০ শতাংশ আসন পুরুষ প্রার্থী দিয়ে পূরণ করা হবে। বাকি ৯০ শতাংশ ভর্তি হবে নারী শিক্ষার্থীদের দ্বারা।