রাজধানীতে নার্সিংয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা নার্সিং কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওই ছাত্রীর নাম নূর নাহার (২০)। তিনি ঢাকা নার্সিং কলেজে ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের পাশেই ঢাকা নার্সিং কলেজ অবস্থিত। পুলিশ জানায়, নার্সিং কলেজের ছাত্রীনিবাসে থাকতেন নূর নাহার।
পুলিশ পরিদর্শক মোজাম্মেল হোসেনের ভাষ্য, আজ ভোর পাঁচটার দিকে নার্সিং কলেজের নিচতলার কলাপসিবল গেটের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নূর নাহারের নিথর দেহ ঝুলতে দেখেন তাঁর সহপাঠীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মোজাম্মেল। তিনিও একই দৃশ্য দেখে শাহবাগ থানায় খবর দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।