সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপসেবা তত্ত্বাবধায়ক পদে নারীকে বাদ দিয়ে একজন পুরুষকে পদায়ন নিয়ে সেবিকাদের একটি পক্ষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। গতকাল শনিবার সকালে হাসপাতালের পরিচালকের অফিস আদেশে নতুন পদায়ন হয়। এ নিয়ে ক্ষুব্ধ সেবিকাদের একটি পক্ষ পরিচালকের দপ্তরে গেলে সেখানে নতুন পদায়ন পাওয়া পুরুষ সেবকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালের নার্সদের মধ্যে একধরনের অস্থিরতা বিরাজ করছে।
হাসপাতালের প্রশাসনিক দপ্তর সূত্র জানায়, ওসমানী হাসপাতালে নার্সের সংখ্যা ৪১৮। এর মধ্যে পুরুষ (ব্রাদার) ১২ জন। এ জন্য উপসেবা তত্ত্বাবধায়ক পদে নারীকে রাখার রেওয়াজ প্রচলিত রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি হাসপাতালে নতুন পরিচালক নিযুক্ত হওয়ার পর গতকাল এক নোটিশেই উপসেবা তত্ত্বাবধায়ক পদে থাকা কুলসুমা বেগমকে সরিয়ে এ পদে জ্যেষ্ঠ নার্স পরিমল বণিককে বসানো হয়।
সেবা তত্ত্বাবধায়কের দপ্তর-সংশ্লিষ্টরা জানান, কুলসুমা বেগম স্নাতকোত্তর ডিগ্রিধারী। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সেবিকাদের কার্যক্রমের সমন্বয় করতেই এ পদে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। কুলসুমাকে সরিয়ে নতুন করে নিযুক্ত করা পরিমল বণিক একজন জ্যেষ্ঠ সেবক হলেও শুধু ডিপ্লোমা ডিগ্রিধারী হওয়ায় উচ্চশিক্ষিত সেবিকারা নতুন এ পদায়নে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সরাসরি পরিচালকের দপ্তরে গেলে সেখানে পরিমলের পক্ষ নেওয়া পুরুষ নার্সদের একটি পক্ষ তাঁদের বের করে দিতে চাইলে এ নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই সময় পরিচালকের দপ্তরে থাকা প্রত্যক্ষদর্শী তিনজন নার্স প্রথম আলোকে বলেন, নতুন পদায়ন কেন—এ বিষয়টি শুনতেই রাজি হননি পরিচালক। একপর্যায়ে পরিচালকের কক্ষে থাকা পুরুষ নার্সরা তাঁদের ঠেলে বের করে দেন। কুলসুমা বেগম বলেন, ‘হাসপাতালে শুরু থেকে নারীরা উপসেবা তত্ত্বাবধায়ক পদে আছেন। এটি প্রায় প্রচলিত। নারীরা দায়িত্বে থাকলে রোগীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন।’
উপসেবা তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত পরিমল বণিক হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি প্রশাসনিক বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, তাঁর দপ্তরে গিয়ে নার্সদের নাজেহল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। নতুন পদায়ন সম্পর্কে তিনি জানান, কুলসুমা বেগমকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এ পদে নিযুক্ত করা হয়েছিল। এখন জ্যেষ্ঠতার নিরিখে নতুন পদায়ন করা হয়েছে। পরিচালক বলেন, ‘এ পদে শুধু নারী থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।’