নালা এখন দুর্ভোগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন বাজারের ময়লা ও পানিনিষ্কাশনের জন্য প্রায় ২৫ বছর আগে নালা তৈরি করা হয়। পরে সেটি অপরিকল্পিতভাবে পুনর্নির্মাণ করা হয়। এরপর আর তা সংস্কারও করা হয়নি। এখন নালাটি ক্রেতা-বিক্রেতা, পথচারীসহ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চরভদ্রাসন বাজার বণিক সমিতির সভাপতি মো. সহিদুল ইসলাম বলেন, ‘ড্রেনটি সংস্কারের অভাবে বাজারে পানি জমে থাকে। দুর্গন্ধে হাঁটাচলা করাই কষ্ট। সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে এ সমস্যার কথা বলেছি। কিন্তু কাজ হচ্ছে না।’

ইউপির সচিব নিখিল চন্দ্র সরকার বলেন, নালাটি সংস্কারের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, ১৯৫২ সালে খাসেরহাট বাজার পদ্মা নদীর গর্ভে চলে যাওয়ায় ২ একর ৯৬ শতক সরকারি খাস জমিতে বর্তমানের বাজারটি বসানো হয়। বাজারটিতে পাঁচ শ ব্যবসায়ী সরকারের কাছ থেকে জমি ইজারা নিয়ে স্থায়ীভাবে দোকান নির্মাণ করেছেন। আরও সহস্রাধিক ব্যবসায়ী ফুটপাতসহ বাজারটির বিভিন্ন স্থানে অস্থায়ী দোকান তুলে বা পাটি বিছিয়ে বেচাকেনা করেন। ২৫ বছর আগে জামে মসজিদের সামনে থেকে লালন গলি পর্যন্ত ইট দিয়ে ১০৩ ফুট দৈর্ঘ্যের নালা তৈরি করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে মসজিদের সামনে থেকে শিকদার ড্রাগ হাউস পর্যন্ত এটির প্রায় ৬০ ফুট অংশ ঢালাই দিয়ে নির্মাণ করা হয়। কিন্তু ত্রুটিপূর্ণভাবে তখন এটি রাস্তা থেকে প্রায় ১ ফুট উঁচু করা হয়। ফলে নালাটি দিয়ে পানি ও ময়লানিষ্কাশন হচ্ছে না। রাস্তা থেকে উঁচু হওয়ায় এটির কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

কয়েকজন স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ী বলেন, নালাটির কারণে মসজিদের সামনে যানজট লেগে থাকে। নালাটির প্রশস্ততা কম হওয়ায় দ্রুত পানি নির্গত হতে পারছে না। এ কারণে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বাজার থেকে গোপালপুর ঘাট পর্যন্ত সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লা বলেন, নালাটির কারণে মসজিদের মোড়ে দীর্ঘ দিন রাস্তায় পানি জমে থাকে। পানি মাড়িয়ে দোকানে খরিদ্দারও আসতে চায় না। এ কারণে স্কুল ও কলেজের ছেলেমেয়েদেরও কষ্ট হয়। নালাটি সংস্কার করা প্রয়োজন।

জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান আজাদ খান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নালাটি সংস্কার ও নির্মাণজনিত ত্রুটি দূর করতে বরাদ্দ পাওয়া গেছে। অতিবৃষ্টির কারণে এ কাজে হাত দেওয়া যাচ্ছে না। বৃষ্টি কমলেই কাজ শুরু করা হবে।