নালা ও সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
রাজধানীর সবুজবাগে নালায় ও সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশু মারা গেছে। তারা হলো শামীম আহমেদ (১২) ও সাইফ সাদাফ ইফতি (৬)। গতকাল শুক্রবার শামীমের লাশ পূর্ব বাসাবোর ওয়াসার কালভার্ট নালা থেকে এবং সাইফের লাশ শেখের জায়গা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
শামীম কমলাপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা মো. শফিক মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। তাদের বাসা সবুজবাগের ওয়াহাব কলোনিতে এবং গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বগাদিতে। সাইফ দোহারের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইব্রাহীম পল্লী বিদ্যুতের কর্মচারী। সে সবুজবাগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
সবুজবাগ থানার এসআই জিয়াউর রহমান বলেন, গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শামীমসহ চার-পাঁচ শিশু নালার পাশে খেলতে যায়। একসময় শামীম নালার দেয়ালে দাঁড়ালে হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায়। সঙ্গের শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত শামীমকে উদ্ধারের জন্য ওই নালায় তল্লাশি চালান। সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে তাঁরা চলে যান। গতকাল সকাল থেকে তাঁরা আবার তল্লাশি শুরু করেন। ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে আবর্জনার মধ্যে তার লাশ খুঁজে পান তাঁরা।
এদিকে শেখের জায়গা নামক স্থানে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় সাইফের লাশ। বাবার চাকরি সূত্রে দোহারে থাকে তাদের পরিবার। তাদের বাড়ি খিলগাঁওয়ের বালুরপাড়ে। আর নানার বাড়ি সবুজবাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাইফের মামা মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাইফ বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত আটটায় সবুজবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। গতকাল সকাল আটটায় ওই বাড়ির মালিক তাঁদের বাসায় গিয়ে খবর দেন, সাইফের লাশ তাঁদের সেপটিক ট্যাংকে পড়ে আছে। এরপর তাঁরা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সবুজবাগ থানার উপপরিদর্শক বাবুল সরকার বলেন, সকাল নয়টার দিকে তিনি ঘটনাস্থলে যান। শিশুটির লাশ সেপটিক ট্যাংকে ভেসে ছিল।
খেলতে গিয়ে রাজধানীর পয়োনালা, সেপটিক ট্যাংক, খালে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা নতুন নয়। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুরে খেলতে গিয়ে ওয়াসার উন্মুক্ত গভীর পাইপে পড়ে মারা যায় চার বছরের শিশু মো. জিহাদ। ওই ঘটনায় দেশে আলোড়ন তৈরি হয়। এর এক বছর পর শ্যামপুরের পালপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলার সময় পয়োনিষ্কাশন নালায় পড়ে যায় শিশু ইসমাইল হোসেন নীরব। সাড়ে চার ঘণ্টা পর তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে নালার মুখে।