নালা থেকে তুলে আনা ময়লা ফের নালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য চট্টগ্রাম নগরের নালা ও খাল থেকে যে মাটি তোলা হচ্ছে, তা রাস্তার ওপরই পড়ে থাকছে দিনের পর দিন। বৃষ্টির পানিতে মিশে সেই মাটি আবার নালা-খাল ভরাট করে দিচ্ছে। এতে নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত তো হচ্ছেই না, কোনো উপকারও পাচ্ছে না। এ জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের দায়ী করছে নগরবাসী।
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্ষা আসার আগেই নগরের খাল ও নালা থেকে মাটি-আবর্জনা তোলার ধুম লাগে। সেই মাটি দিনের পর দিন রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা যায়। এগুলো আর সরানো হয় না। এতে পথচারীদের চলাচলে যেমন সমস্যা হয়, তেমনি গাড়ি চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের বিপরীতে মিসকিন শাহ মাজারের পাশে, আলিয়ঁস ফ্রঁসেজ সীমানাপ্রাচীর লাগোয়া সড়ক, চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব ফটক, গোলপাহাড়, চট্টগ্রাম কমার্স কলেজসংলগ্ন সড়ক, সিরাজউদ্দৌলা সড়ক, মুরাদপুর, বায়েজিদ সড়কসহ বিস্তীর্ণ এলাকার রাস্তার পাশে মাটি ও আবর্জনার স্তূপ পড়ে রয়েছে।
চট্টগ্রাম মুহসীন কলেজের শিক্ষার্থী আবু নাছের প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নালা থেকে মাটি তুলে মিসকিন শাহ কবরস্থানসংলগ্ন রাস্তার পাশে স্তূপ করে রেখেছেন। দিনের পর দিন সেই মাটি সরানোর কোনো উদ্যোগ নেই। বৃষ্টির পানিতে ওই মাটি মিশে গিয়ে আবার নালা ভরাট হয়ে যাচ্ছে।
সিরাজউদ্দৌলা সড়কের রুমঘাটার বাসিন্দা নির্মল চন্দ্র বলেন, কিছু লোক সম্প্রতি নালা থেকে মাটি তুলে রাস্তার পাশে স্তূপ করে রাখছেন। সেই মাটি আর সরিয়ে নেয় না কেউ। এতে পথচারীদের চলাচলে সমস্যা হয়। একই ভাবে যানজটও সৃষ্টি হতে দেখা যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরের কোন জায়গায় মাটির স্তূপ রয়েছে, সেটা আমাদের জানালে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো প্রতিদিন আবর্জনা সরিয়ে ফেলি।’
নগরের মোগলটুলী এলাকার বাসিন্দা রেজাউর রহমান বলেন, ‘পরিচ্ছন্ন কর্মকর্তাকে সার্বক্ষণিক বাইরে অবস্থান করতে হয়। তাঁর কাজ পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা বা মাটি সরিয়ে নিচ্ছে কি না, সেটা তদারক করা। কিন্তু তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে বসে থাকলে নগর পরিচ্ছন্ন থাকবে কীভাবে?’
সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘দুই মাস করপোরেশনের নিজস্ব কাজে আমরা ব্যস্ত ছিলাম। আমরা আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি, যাতে রাস্তার পাশে কেউ নির্মাণসামগ্রী রাখতে না পারে।’
নগরের তিনটি জায়গা থেকে ইট-বালুর ব্যবসা সরানো প্রসঙ্গে নাজিয়া শিরিন বলেন, প্যারেড কর্নারে ব্যবসায় প্রভাবশালীরা নাকি সহযোগিতা দেয়। আমরা এলাকাবাসীর সমর্থন পেলে সেই জায়গা থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ সম্ভব হব। বাকি দুটি এলাকা থেকে আমরা ইট-বালু ব্যবসা সরিয়ে দেব।’