নালা থেকে দুই ছাত্রীর লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা রোডের একটি নালা থেকে গতকাল মঙ্গলবার দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুজনই মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। উদ্ধার করা ওই দুজনের নাম অনন্যা ও ঊর্মি। দুজনের বয়স ১০। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গত সোমবার বিদ্যালয়ে যেতে দেরি হওয়ায় অনন্যা ও ঊর্মি বছিলা রোডের খ্রিষ্টান হাউজিংয়ের পাশে পানি নিষ্কাশনের নালার ওপর কালভার্টে খেলা করে। বিদ্যালয়ের সময় শেষ হওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় তাদের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। এলাকায় মাইকিংও করা হয়।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, গতকাল দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু ওই কালভার্টের নিচে নালায় নামে। এ সময় তারা একটি লাশ দেখতে পায়। পানির নিচে আরেকটি লাশ তাদের পায়ে লাগে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।কাঁটাসুরের রহিম ব্যাপারি ঘাটের ১৫২/বি/এ অনন্যার বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আলাউদ্দিন ও মা মঞ্জিলা পাগলপ্রায়। কান্না করতে করতে মঞ্জিলা বলেন, ‘পানির ডরে মাইয়্যাডারে দ্যাশে রাখি নাই, হেই পানিই আমার মাইয়্যাডারে খাইল।’বিকেলে কাঁটাসুরের ৪ নম্বর গলি হাউজিংয়ে ঊর্মিদের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে ঊর্মির লাশ আনা হয়েছিল। তারপর কোথায় নিয়ে গেছে তারা কেউ জানে না। পুলিশ ধারণা করছে, শিশু দুটি খেলতে গিয়ে নালায় পড়ে ডুবে গেছে।