নালা থেকে বল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
নালায় পড়ে যাওয়া ফুটবল তুলে আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম পারভেজ মোশাররফ (২১)। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে।
নিহত পারভেজের ভগ্নিপতি জাহিদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নগরের আগ্রাবাদে তাঁদের বাসায় থেকে পড়ালেখা চালিয়ে আসছিলেন পারভেজ। শুক্রবার দুপুরে ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই বন্ধুদের সঙ্গে সিডিএ আবাসিক এলাকার একটি মাঠে ফুটবল খেলতে যান পারভেজ। খেলার সময় বলটি মাঠের পাশে নালায় পড়ে যায়। সেখান থেকে বল আনতে গিয়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে তিনি গুরুতর আহত হন। বন্ধু ও স্থানীয় লোকজন তাঁকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চার ভাই এক বোনের মধ্যে পারভেজ দ্বিতীয় ছিলেন। আজ শনিবার দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারভেজের লাশ দাফন করা হবে বলে জানান জাহিদুল ইসলাম।