নালা না থাকায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের আটটি স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কের ওই সব স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ কিলোমিটার দৈর্ঘ্যের দিনাজপুর-পার্বতীপুর সড়ক দিনাজপুর শহর থেকে শুরু হয়ে চিরিরবন্দর উপজেলা হয়ে পার্বতীপুর পর্যন্ত চলে গেছে। এটি এ দুই উপজেলাসহ দিনাজপুর শহরকে বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যুক্ত করেছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের পার্বতীপুর উপজেলার যশাই মোড়, ভবের বাজার, বানিয়াপাড়ার মোড় ও রাজাবাসর ল্যাম্ব হাসপাতাল; চিরিরবন্দর উপজেলার ভোলানাথপুর গার্মেন্টস মোড়, ঘুঘুরাতলী, বেলতলী ও কারেন্ট হাট এলাকায় পাঁচ বছরে এসব বাজার গড়ে উঠেছে। এসব এলাকায় কোনো নালা নির্মাণ করা হয়নি। ফলে বৃষ্টি হলেই এসব বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চিরিরবন্দর উপজেলার ভোলানাথপুর গার্মেন্টস মোড়ের মুদি দোকানদার হাসেম উদ্দিন শাহ বলেন, জলাবদ্ধতার কারণে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
বেলতলী বাজারের পল্লি চিকিৎসক তাজউদ্দীন আহম্মেদ জানান, বৃষ্টির পানি ছাড়াও হোটেল-রেস্তোরাঁর পানি ও আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। চিরিরবন্দরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এমনিতে ঘুঘরাতলী চিরিরবন্দর ব্যস্ততম এলাকা। উপরন্তু বিদ্যালয় ছুটির সময় জলাবদ্ধ সড়কে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল ওহাব মণ্ডল বলেন, তাঁর ইউনিয়নের যশাই মোড় ও ভবেরবাজার এলাকার জলাবদ্ধতা দূর করতে আগামী অর্থ বছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের আওতায় নালা নির্মাণ করা হবে।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘গত দুই বছরে জেলা সমন্বয় কমিটির মাসিক সভায় এ বিষয়ে তর্ক-বিতর্ক করেছি। আশা করা যায়, অল্প দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।’
পার্বতীপুর উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম জানান, সড়কের দুই পাশ সম্প্রসারণ করলে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। এ ছাড়া সড়ক একটু উঁচু করলেও বৃষ্টির পানি সরে যাবে।
সওজের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ প্রথম আলোকে জানান, দুই পাশ উঁচু হওয়ার কারণে সড়কে জলাবদ্ধতা হচ্ছে। যন্ত্র দিয়ে দুই পাশের মাটি কেটে ফেললে সমস্যার সমাধান হতে পারে। তবে ওই যন্ত্রটি অকেজো হয়ে পড়ে থাকায় কিছু করা সম্ভব হচ্ছে না।