নালা না থাকায় সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে নালা না থাকায় একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এভাবে বেশ কয়েক দিন জলাবদ্ধ থাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে ও ভেঙে গিয়ে এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ দুরবস্থা বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়কের। এ কারণে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা ভোগান্তি পোহান।
সড়ক ও জনপথ (সওজ) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, সওজ স্বাধীনতার পর প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণ করেছে। এটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শহরে চলে গেছে। এ সড়ক দিয়ে শেরপুর ও নন্দীগ্রাম উপজেলা এবং পাশের নাটোর ও রাজশাহী জেলার লোকজন যাতায়াত করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির চকপোতা, বাগড়া, হঠাৎপাড়া, গোন্দইল, দারুগ্রাম মোড় ও কেল্লা এলাকায় পানি জমে আছে। এসব স্থানে ১৫ থেকে ২৫ ইঞ্চি গভীর গর্ত হয়েছে। রাস্তার উভয় পাশে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং ভবন গড়ে ওঠায় বৃষ্টির পানি সরতে পারে না। এ কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, এ সড়ক দিয়ে তাঁর ইউনিয়নের ৬০ ভাগ এবং পাশের বিশালপুর ইউনিয়নের ৪০ ভাগ কৃষক তাঁদের খেতের উৎপাদিত ফসল শেরপুর পৌর শহরের বাজারে নিয়ে যান। কিন্তু সড়কটির দুরবস্থার কারণে তাঁদের কৃষিপণ্য নিতে সমস্যা হচ্ছে।
রিকশাচালক জাহিদুল ইসলাম জানান, এই ভাঙা সড়ক দিয়ে চলাচলের সময় প্রতিদিন ১০-১৫টি গাড়ি উল্টে যায়। এতে গাড়ির যাত্রীরা আহত হন। আর গাড়ি মেরামত করতে তাঁদের ঋণ করতে হয়।
সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান জানান, পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।