নালা নির্মাণ, ভাঙছে পাকা রাস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য পাকা করা সড়কের পাশে দিয়ে তৈরি করা হচ্ছে ঢালাই নালা। এতে ভেঙে পড়ছে সড়কের একাংশ। (ইনসেটে ভেঙে পড়ার আগে নালা নির্মাণকাজের জন্য সড়কে তৈরি হওয়া ফাটল)। বগুড়ার শেরপুর পৌর শহরে হাজীপুর সড়ক এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সদ্য পাকা করা সড়কের পাশে দিয়ে তৈরি করা হচ্ছে ঢালাই নালা। এতে ভেঙে পড়ছে সড়কের একাংশ। (ইনসেটে ভেঙে পড়ার আগে নালা নির্মাণকাজের জন্য সড়কে তৈরি হওয়া ফাটল)। বগুড়ার শেরপুর পৌর শহরে হাজীপুর সড়ক এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার শেরপুর পৌর শহরে একটি সড়ক উন্নয়নে সেটির পাশ ঘেঁষে পানিনিষ্কাশনের জন্য ঢালাই নালা করতে গিয়ে ভেঙে পড়ছে সড়কটির পাকা অংশ। শহরের হাজীপুর এলাকার সড়কে চলা উন্নয়ন কর্মকাণ্ডের এই দশা।

সরেজমিনে ১৩ ফেব্রুয়ারি ওই সড়কে দেখা যায়, সড়কের পাশ দিয়ে গভীর নালা তৈরি করায় এর পাকা অংশ ফাটল ধরে ধসে পড়ছে। সড়কের ওপর ফেলে রাখা হয়েছে নালার নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী। এতে ওই সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় অন্তত ১০ জন বলেন, সড়কটি পাকা করার আগে পানিনিষ্কাশনে গভীর নালা তৈরি করা হলে নির্মাণাধীন পাকা সড়কটি ক্ষতির মুখে পড়ত না। প্রায় চার মাস আগে সড়কে গভীর নালা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে।

শেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় শহরের খেজুরতলা থেকে হাজীপুর পর্যন্ত সড়কের পাশ দিয়ে পানিনিষ্কাশনে গভীর ঢালাই নালা নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। ২ দশমিক ৭১৫ কিলোমিটার দীর্ঘ এ নালা তৈরির ব্যয় ধরা হয় ৮ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৮৮ টাকা। অপরদিকে ২০১৪-১৫ অর্থবছরে সড়কটির দাড়কিপাড়া থেকে হাজীপুর পর্যন্ত পাকা করা হয়। ৯৩ লাখ ৩৯ হাজার ২০৪ টাকায় সড়কের ১ দশমিক ৬০ কিলোমিটার অংশ পাকা করা হয়। দুটি কাজেরই অর্থায়ন করে বিশ্বব্যাংক।

সূত্রটি আরও জানায়, সড়কটি পাকা করার কাজ শেষ হয়েছে গত জানুয়ারিতে। মেসার্স তূর্ণা এন্টারপ্রাইজ ও মেসার্স মজিবর রহমান মজনু নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই সড়ক পাকা করার কাজ করে।

ওই সড়ক মহল্লা এলাকার ওয়ার্ড কাউন্সিলর (৬ নম্বর ওয়ার্ড) নাজমুল আলম বলেন, পাকা সড়কটির পূর্ব পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে পানিনিষ্কাশনের গভীর ঢালাই নালা। এটি করতে গিয়ে নালা ঘেঁষে ভেতরের দিকে তিন–চার ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সড়ক দিয়ে পথচারীসহ যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

শেরপুর পৌরসভার প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর বলেন, পানিনিষ্কাশনে গভীর নালা নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত পাকা অংশটুকু পৌরসভার নিজস্ব অর্থে পুনরায় সংস্কার করে দেওয়া হবে। এতে ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা।

শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নোমান বলেন, গত বছরের সেপ্টেম্বরে পানিনিষ্কাশনে গভীর ঢালাই নালা নির্মাণের জন্য মেসার্স অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে। এরপর গত ৪ মাসে ২৫ শতাংশ কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ।

নালা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক আবদুল হান্নান বলেন, পানিনিষ্কাশনের নালা নির্মাণকাজের নকশা অনুয়ায়ী কাজ শুরু করা হয়েছে। নালার গভীরতার কারণেই সড়কের পাকা অংশ ধসে পড়ছে। তিনি বলেন, এলাকার শ্রমিকেরা চলতি বোরো মৌসুমের কারণে ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই যথেষ্ট সংখ্যক শ্রমিক না পাওয়ায় কাজের গতি কিছুটা ধীর।