নালা নেই, জলাবদ্ধতায় নাকাল দর্শনা পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার বাসিন্দারা ন্যূনতম নাগরিকসেবা পাচ্ছে না। তাদের প্রধান সমস্যা নালা ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা।এ ছাড়া খানাখন্দে ভরা রাস্তাঘাট, বিশুদ্ধ পানি সরবরাহের অভাব ও বেওয়ারিশ কুকুরের উৎপাত তাদের দৈনন্দিন জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।জানা গেছে, দামুড়হুদার দর্শনা ইউনিয়ন ১৯৯২ সালে পৌরসভায় উন্নীত হয়। ১২ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা তৃতীয় শ্রেণীর। এর ৬৩ কিলোমিটার সড়কের মধ্যে ১১ কিলোমিটার কাঁচা, ৩০ কিলোমিটার আধাপাকা এবং ২২ কিলোমিটার পাকা। অনুমোদিত রিকশার চেয়ে দ্বিগুণেরও বেশি রিকশা এবং ইজিবাইক চলায় নতুন করে যানজট দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, পাকা এবং আধাপাকা সড়কের বেশির ভাগই খানাখন্দে ভরা। দর্শনা পুরাতন বাজার থেকে জয়নগর চেকপোস্ট, আজিমপুর, চাঁদপুর, মোহাম্মদপুর ও দক্ষিণ চাঁদপুর সড়ক বিশেষভাবে উল্লেখযোগ্য।মোহাম্মদপুর এলাকার এনামুল হক বলেন, পৌর কর্তৃপক্ষ মাঝেমধ্যে সড়ক সংস্কার করলেও কয়েক দিনের মাথায় সেগুলো অবস্থা আগের মতো হয়ে যায়। দলীয় লোকজন ঠিকাদার হওয়ায় কাজের মান নিশ্চিত করা হয় না।দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার রেলগেট পর্যন্ত রাস্তার দুই ধারে ঢাকাগামী কোচগুলো এখানে-সেখানে রাখা হয়। থানাপাড়ার আখতারুজ্জামান জানান, যানজটের পাশাপাশি বেওয়ারিশ কুকুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।পৌর এলাকায় পয়োনিষ্কাশন, নালা-নর্দমা ও ডাস্টবিনের সুষ্ঠু ব্যবস্থা নেই। ২০ কিলোমিটার পাকা নালা-নর্দমার প্রয়োজন হলেও আছে মাত্র আড়াই কিলোমিটার। অপরিকল্পিতভাবে তৈরির কারণে অনেক এলাকায় রাস্তার এক-তৃতীয়াংশ চলে গেছে নর্দমার ভেতরে। পয়োনিষ্কাশন লাইন স্থাপন না করায় অনেকেই নর্দমার সঙ্গে পায়খানা ও প্রস্রাবখানার সংযোগ করে রেখেছে। পাকা নর্দমাগুলোর বেশির ভাগেই স্ল্যাব নেই।আজিমপুর এলাকার বাসিন্দা হারুন অর রশিদ জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন তা জমে থেকে দুর্গন্ধ ছড়ায়। জাহাঙ্গীর হোসেন জানান, নর্দমা না থাকায় বাড়ির মধ্যেই গর্ত করে নোংরা পানি জমা রাখা হয়। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে সেগুলো রাস্তায় বের করে দেওয়া হয়।পৌর এলাকায় এখন পর্যন্ত পানি সরবরাহের ব্যবস্থা নেই। পৌর মেয়র মহিদুল ইসলাম জানান, বিএমডিএফ প্রকল্পের আওতায় দর্শনাকে মনোনীত করা হয়েছে। ওই প্রকল্প খাতে সহায়তা পেতে শর্তানুযায়ী ৩৩ লাখ টাকা দেওয়া প্রয়োজন। এ পর্যস্ত তাঁদের মাত্র তিন লাখ টাকা দেওয়া হয়েছে। অর্থাভাবে বাকি ৩০ লাখ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।পৌর মেয়র বলেন, বাজেটে ঘাটতির কারণেই পৌরসভার উন্নয়নকাজ করা যাচ্ছে না। নিজস্ব আয় থেকে পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের নিয়ম থাকলেও অধিক লোকবল হওয়ায় কয়েক বছর ধরে তা সম্ভব হচ্ছে না। পাঁচ বছর ধরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকায় বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।