নালা নয় যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশবপুর–ত্রিমোহিনী সড়কের খাদ্যগুদামের সামনে ঢাকনাবিহীন ম্যানহোল l প্রথম আলো
কেশবপুর–ত্রিমোহিনী সড়কের খাদ্যগুদামের সামনে ঢাকনাবিহীন ম্যানহোল l প্রথম আলো

যশোরের কেশবপুর পৌরসভার ত্রিমোহনী সড়কের দুই পাশের নালা ও ঢাকনাবিহীন ম্যানহোল মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নালায় প্রতিদিনই মানুষ পড়ে আহত হচ্ছেন। এ ছাড়া গত কয়েক দিনে ম্যানহোলে পড়েও দুজন আহত হয়েছেন। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন দুর্ভোগের শিকার হচ্ছেন।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, সদরের ত্রিমোহনী মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কের দুই পাশে নালা নির্মাণ করা হয়েছে। এই নালার কোনো ঢাকনা নেই। এর মধ্যে উপজেলা পরিষদ মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ১৫টি ম্যানহোল রয়েছে। এসব ম্যানহোলের তিনটিতে ঢাকনা নেই। বাকিগুলোর ঢাকনা থাকলেও তা এবড়োখেবড়ো করে বসানো রয়েছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এটি কেশবপুরের ব্যস্ততম সড়ক। এই সড়কের পাশে উপজেলা পরিষদ, পোস্ট অফিস, হাসপাতাল, ক্লিনিক, প্রাণিসম্পদ কার্যালয়, খাদ্যগুদাম ছাড়াও বেশ কিছু অফিস রয়েছে। ঢাকনাবিহীন নালা ও ম্যানহোলে পড়ে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন। কেশবপুর খাদ্যগুদামের সামনের ম্যানহোলে ১০ নভেম্বর রাতে পড়ে গুরুতর আহত হন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ রায়। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তিনি এখনো হাঁটতে পারছেন না। দিলীপ রায় বলেন, ‘ওই ম্যানহোলটি দূর থেকে দেখা যায় না। আমি ম্যানহোলের পাশ দিয়ে যাওয়ার সময় বুঝতে না পেরে পড়ে গিয়ে আহত হই। বছরে আমি ২০ হাজার টাকা পৌরকর দিই। কিন্তু সুবিধা কী পাই।’
ওই ম্যানহোলের পাশের দোকানদার আবদুল্লাহ আল মামুন বলেন, কিছুদিন আগে আটঘরা গ্রামের মাছ ব্যবসায়ী আয়ুব হোসেন মোটরসাইকেল নিয়ে ম্যানহোলে পড়ে মারাত্মক আহত হন। এ ছাড়া প্রতিদিনই নালায় পড়ে দু-একজন আহত হচ্ছেন।
নালায় পড়ে আহত হওয়া অন্তত ১০ জনের সঙ্গে এ প্রতিনিধির কথা হয়। এ রকম একজন ব্যবসায়ী আবদুল করিম বলেন, নালায় পড়ে তাঁর পা কেটে যায়। চা-দোকানি মিলন হোসেন বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ম্যানহোল পরিষ্কার করে ঢাকনা বন্ধ না করেই চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, এই সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। নালাও নির্মাণ করেছে সওজ বিভাগ। আর ম্যানহোল করেছে পৌরসভা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘আমার সামনেই দুজন নালায় পড়ে মারাত্মক আহত হন, আমিই তাঁদের টেনে তুলি।’ তিনি অভিযোগ করে বলেন, আধুনিক প্রযুক্তির সময় প্রকৌশলীদের চরম বর্বরতার নিদর্শন এই সড়ক ও নালা। যশোরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, ‘বৃষ্টি হলে রাস্তায় পানি জমে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় নালা নির্মাণ করতে হয়েছে। নালায় মানুষ পড়ে আহত হচ্ছে বলে শুনেছি। নালার ওপর দিয়ে লোহার খাঁচা করে দেওয়ার চেষ্টা করছি।’
কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘নালা আমাদের নয়। ম্যানহোল আমরা দেখাশোনা করি। কোনো ম্যানহোলের ঢাকনা না থাকলে তার ব্যবস্থা করছি।’