নালা পরিষ্কার করে বর্জ্য রাস্তায়!

নওগাঁ পৌরসভার কোটি কোটি টাকায় নির্মিত নালা পরিষ্কার করে সব বর্জ্য তুলে রাখা হয়েছে নালাসংলগ্ন রাস্তা ও ফুটপাতগুলোতে। পৌরসভার প্রধান সড়কসহ (নওগাঁ-সান্তাহার সড়ক) উকিলপাড়া, চকদেবপাড়া, বাঙ্গাবাড়িয়া, কলেজপাড়া এলাকার রাস্তার ওপর এভাবে বর্জ্য তুলে রাখা হয়। এতে ওসব এলাকার বাসিন্দা ও পথচারীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
নালা-নর্দমার এসব বর্জ্যে একদিকে যেমন সাধারণ পথচারীসহ বিভিন্ন যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে দিনের পর দিন স্তূপ হয়ে পড়ে থাকা এসব কাদামাটিসহ বিভিন্ন আবর্জনা থেকে বাতাসে জীবাণু ছড়িয়ে পড়ে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়াচ্ছে।
সরেজমিনে গত বুধবার শহরের প্রধান সড়কের মহিলা কলেজ, সরিষাহাটির মোড় এলাকা এবং ব্রিজের মোড়-ডিগ্রির মোড় সড়কের উকিলপাড়ায় পৌরসভার নালার কাদামাটি ও ময়লা-আবর্জনা রাস্তা ও ফুটপাতের ওপর স্তূপ হয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে পৌরসভার নালা তৈরি না করা এবং নিয়মিত পরিষ্কার না করায় ১৫-১৬ দিন যেতে না-যেতেই নালাগুলো বর্জ্যে ভরে যায়। বিশেষ করে উকিলপাড়া এলাকার অধিকাংশ রাস্তা ত্রুটিপূর্ণ হওয়ায় শুষ্ক মৌসুমেও বাসাবাড়ির পানি নালায় যেতে পারে না। উল্টো নালার পানি উপচে বাসাবাড়িতে ঢুকে পড়ে। এ অবস্থায় পৌরসভার শ্রমিকেরা কয়েক দিন পরপর নালার দুর্গন্ধযুক্ত বর্জ্য তুলে ফেলার জায়গা না পেয়ে রাস্তা ও ফুটপাতে ফেলে রাখছে। ওঠানো বর্জ্য দ্রুত সরিয়ে না নেওয়ায় অধিকাংশই আবার নালায় পড়ে যাচ্ছে। বৃষ্টি হলে তো কথাই নেই, সবটাই ফের চলে যায় নালায়। ফলে অপরিচ্ছন্নতা আরও প্রকট আকার ধারণ করে।
উকিলপাড়া এলাকার বাসিন্দা রানীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন বলেন, ‘প্রতি মাসে নালা পরিষ্কারের নামে যেভাবে দিনের পর দিন রাস্তার ওপর দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলা রাখা হচ্ছে, তাতে আমাদের দুর্ভোগ আরও বাড়ছে। নালাগুলো পরিষ্কার করা হচ্ছে বাসিন্দাদের ভালোর জন্য। কিন্তু নালার বর্জ্য রাস্তায় ফেলে রাখায় প্রতিদিন নাকে রুমাল চেপে যাতায়াত করতে হচ্ছে।’
শিশুবিশেষজ্ঞ ও ডেপুটি সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, নালার বর্জ্য থেকে বাতাসে ছড়িয়ে পড়া জীবাণুর কারণে ডায়রিয়া, আমাশয়, কৃমিসহ নানা রোগের প্রকোপ বাড়ে। যেভাবে বর্জ্য রাস্তা ও ফুটপাতে ফেলে রাখা হচ্ছে, তাতে এলাকাবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে বলে তিনি মনে করেন।
নওগাঁ পৌরসভার ভারপ্রাপ্ত পরিচ্ছন্নতা পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মজিবর রহমান নালার বর্জ্যে পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকির কথা স্বীকার করে বলেন, ‘পৌরসভায় বর্তমানে ময়লা-আবর্জনা ফেলার জন্য পাঁচটি ট্রাক রয়েছে। এ অবস্থায় রাস্তার ওপর বর্জ্য পড়ে থাকার কথা না। পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের আন্তরিকতার অভাব নেই। পৌরসভার সংরক্ষণ পরিদর্শক (কনজারভেন্সি ইন্সপেক্টর) মূলত এই পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বটি পালন করে থাকেন। রাস্তার ওপর ময়লা-আবর্জনা কেন পড়ে থাকছে, এ ব্যাপারে তিনিই সঠিক জবাব দিতে পারবেন।’