নালা বন্ধ করায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-লালপুর সড়কের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে সৃষ্ট জলাবদ্ধতা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
নাটোর-লালপুর সড়কের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে সৃষ্ট জলাবদ্ধতা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

নাটোরের লালপুরের ওয়ালিয়া বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণের স্বার্থে ঠিকাদার এলাকার পয়োনিষ্কাশনের প্রধান নালা বন্ধ করে দিয়েছেন। এতে পুলিশ ফাঁড়ি থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, ওয়ালিয়া বাজার এলাকায় সড়কে গত দুই দিনে প্রায় এক ফুট উচ্চতার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সড়কের পানি নিষ্কাশিত হতো কাছের আনাম সুপার মার্কেট (মাসুম মার্কেট) ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সীমানাপ্রাচীরের মাঝখান দিয়ে তৈরি করা নালা দিয়ে। কিন্তু ফাঁড়ির নতুন ভবনের কাজ চলার কারণে ঠিকাদারের লোকজন সেটি বন্ধ করে দিয়েছেন। পানিনিষ্কাশনের স্বার্থে কিছুদিন আগে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর মাস্টারের উদ্যোগে নালাটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিন পর আবারও বিভিন্ন অজুহাতে ঠিকাদারের লোকজন সেটি বন্ধ করে দেয়। বর্তমানে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থীরা চলাচলে যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি যান চলাচলও ব্যাহত হচ্ছে।
নালা বন্ধের কারণে জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করেন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাত আলী। তবে তিনি বলেন, ওই নালা খুলে দিলে নির্মাণাধীন ভবনের ভিত দুর্বল হবে। ভবিষ্যতে ভবনটি ঝুঁকিতে পড়বে। সে জন্যই নালাটি বন্ধ রাখা হয়েছে।
ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর মাস্টার বলেন, জলাবদ্ধতার অবসানে খুব তাড়াতাড়ি নালাটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।