নালা ভরাট হওয়ায় পানি পাচ্ছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার জমির পাশ দিয়েই জিকের ক্যানাল চইলি গেছে, কিন্তুক আমার জমিতি ক্যানালের পানি আসে না। শ্যালো মেশিনদি ধান আবাদ করতি মেলা খরচ হয়, জিকের পানি পালি পরে অনেক ট্যাকা বাঁচাতি পারতাম।’ ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের চাষি দুলাল হোসেন।তাঁর মতো অবস্থা দেশের সর্ববৃহৎ গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প আওতাধীন এ উপজেলার মাগুরা, পাটিকাবাড়ী, মাঝিলাসহ চার গ্রামের প্রায় দুই হাজার চাষির।গত সোমবার সরেজমিনে দেখা যায়, চারটি গ্রামের আবাদি জমির মধ্য দিয়ে চলে গেছে জিকের শাখা খাল। এই খাল থেকে দুই পাশের জমিতে পানি যাওয়ার নালাগুলো সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। কিন্তু খালসংলগ্ন কিছু নিচু জমিতে অতিরিক্ত পানি ঢুকে ধান ডুবে আছে।এ সময় কৃষকেরা জানান, এ খাল থেকে এই এলাকার জমিতে পানি নেওয়ার শতাধিক নালা ছিল। সংস্কারের অভাবে ভরাট হয়ে সেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। পাটিকাবাড়ী গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, জিকে প্রকল্পের পানি দিয়ে আউশ ও আমন মৌসুমে ধান আবাদ করলে সেচ বাবদ এক বিঘা জমিতে খরচ হয় ১৩৩ টাকা। কিন্তু এ পানি না পাওয়ায় এখন তিন হাজার টাকার ওপর খরচ করতে হচ্ছে। একই ধরনের কথা বলেন মাগুরা গ্রামের আতিয়ার রহমান, হেলালউদ্দিন, নিজামুদ্দিনসহ কয়েকজন কৃষক।খোঁজ নিয়ে জানা গেছে, ২৫০ কোটি টাকা খরচ করে জিকে সেচ প্রকল্পের পুরোনো পাম্প বদলে নতুন পাম্প বসানো হয়েছে। জিকে কৃষক সমবায় সমিতির সভাপতি আবুল আহসান বলেন, প্রতিটি মাঠে যদি ড্রেনের (নালা) ব্যবস্থা থাকে, তাহলে কৃষকেরা খুবই উপকৃত হতেন।কুষ্টিয়া জিকে সেচ প্রকল্প পরিচালক ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খাল থেকে জমিতে পানি যাওয়ার জন্য প্রায় নয় হাজার কিলোমিটার নালা ছিল। সংস্কারের অভাবে এর কিছু ভরাট, আবার কিছু বেদখল হয়ে গেছে। এ কারণে প্রকল্পের আওতাধীন বিপুল পরিমাণ জমি সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সমস্যা নিরসনে ইতিমধ্যে ১৮১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, আগস্ট মাসে এ প্রকল্পের সংস্কারকাজ শুরু করা যাবে।’