
বরিশাল মহানগরে পুরোনো নালা সংস্কার না করে এর ওপর টাইলস বসানো হচ্ছে। ফুটপাতের বিভিন্ন স্থানে এ টাইলস উঠে গেছে। কিছু ভেঙেচুরে গেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নগরের কালিবাড়ি সড়কের দুই পাশে ছয়-সাত বছর আগের নির্মাণ করা ভাঙাচোরা নালার ওপর টাইলস স্থাপন করা হচ্ছে। বিভিন্ন অংশে অন্তত ৫০টি টাইলস উঠে গেছে। এর মধ্যে কয়েকটি টাইলস ভেঙে গেছে।
জানতে চাইলে টাইলস স্থাপনের কর্মী মো. বশির প্রথম আলোকে বলেন, নগরের সদর রোড শীতলাখোলা মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার নালার ওপর টাইলস স্থাপনের এই কাজ হচ্ছে। তাঁরা ১১ আগস্ট টাইলস বসানোর কাজ শুরু করেছেন। একই সড়কে দেড় বছর আগে কিছুটা কাজ করেছিলেন। তবে একপর্যায়ে বরাদ্দ না থাকায় ওই কাজ বন্ধ রাখেন ঠিকাদার।
কালিবাড়ি সড়কের বাসিন্দা মোহাম্মদ শাহীন চৌধুরী বলেন, এই এলাকায় নালা নির্মাণ করা হয় সাবেক মেয়র শওকত হোসেন হিরণের সময়। এত দিনে অনেক স্থানে নালা ভেঙে গেছে। নালার ওপর ও পাশে শেওলা জমে আছে। পুরোনো নালা সংস্কার না করে শেওলার ওপর টাইলস বসানো হচ্ছে। শুধু শুধু অর্থের অপচয় করা হচ্ছে।
মো. মহসিন নামের আরেক বাসিন্দা বলেন, সিটি করপোরেশন তাদের খেয়ালখুশিমতো কাজ করছে। তা না হলে বর্ষায় পুরোনো নালার ওপর কেউ টাইলস বসায়?
ব্যবসায়ী মিলন দাস বলেন, বালুর ওপর টাইলসগুলো বসানো হচ্ছে। সিমেন্ট কম দেওয়ায় ও বৃষ্টির পানিতে অনেকগুলো টাইলস উঠে গেছে।
নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, অপরিকল্পিত নালার কারণে জলাবদ্ধতায় পড়েছে নগরবাসী। জলাবদ্ধতা কমাতে কোনো উদ্যোগ নেই। এখন শুরু হয়েছে পুরোনো নালায় টাইলসের কাজ। এটা মূলত অর্থ হাতিয়ে নেওয়ার একটা কৌশল।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, কালিবাড়ি সড়কের ২৪ লাখ টাকার কাজ সাধারণ তহবিল থেকে হচ্ছে। মুন্না এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করছে। তাই এর আগে বরাদ্দ না থাকায় কাজ বন্ধ ছিল। বর্তমানে শুরু হওয়া কাজ নিয়ে সমস্যার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে দায়সারা কাজ করে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই।
ঠিকাদার মো. নকিব বলেন, বৃষ্টির মধ্যে কাজ করায় কিছু টাইলস উঠে যায়। সেগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ জামান বলেন, ‘বর্ষায় নগরের পুরোনো নালার ওপর টাইল লাগানোর কথা নয়। এ রকম কোনো কাজ শুরু হওয়ার আগে আমার জানার কথা। কিন্তু আমি কিছুই জানি না। কিছু ঠিকাদার অতি উৎসাহী হয়ে কাজ করে বিল তোলার চেষ্টা করেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব বলেন, ‘ওখানে কাজ খারাপ হচ্ছে—এমন অভিযোগ আগে শুনিনি। আজই ঘটনাস্থল পরিদর্শন করব।’