নালার অভাবে তলিয়ে আছে খেলার মাঠ
নড়াইল পৌর ভবনের কাছেই সরকারি বালক বিদ্যালয়ের খেলার মাঠ। একটি নালার (ড্রেন) অভাবে এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বর্ষার পানিতে তলিয়ে আছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার আলাদাতপুর পাড়ায় বিদ্যালয় মাঠ এবং এর পশ্চিম ও উত্তর পাশে ৫০টি পরিবারের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি। জমে থাকা এই পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের বেশির ভাগ গ্রাম বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।পৌরসভার আলাদাতপুর পাড়ার বাসিন্দা আশীষ হাজরা, শংকর কুমার মাতবর, সমীর দাস, অজিত ঘোষ, কালু ঘোষ, অসিত সাহা, অরুণ শীলসহ কয়েকজন জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ পাড়া তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পৌরসভায় একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। গৃহবধূ শিখা রানী ঘোষ বলেন, ‘ঘরের মধ্যে এক হাঁটু পানি। রান্নাঘর তলিয়ে যাওয়ায় খাটের ওপর চুলা পেতে রান্না-বান্নার কাজ করি।’সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনেসাঁ বেগম বলেন, পানি নিষ্কাশনের জন্য পৌরসভায় অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মাশরাফির বাবা গোলাম মুর্তজা বলেন, ‘শহরের খাল যেভাবে দখল হয়েছে, তাতে এ অবস্থা হবে না তো কী হবে? এখন পাড়ার মানুষকে বর্ষার পানিতে নাস্তানাবুদ হতে হচ্ছে।’পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল কবির বলেন, পৌর এলাকার নিম্নাঞ্চল বর্ষায় তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে কিছু কিছু স্থানে বাধ্য হয়ে কাঁচা-পাকা রাস্তা কেটে দিতে হচ্ছে। বিদ্যালয়ের মাঠের পানি সরানোর ব্যবস্থা করা হবে।পৌর মেয়র মো. জুলফিকার আলী মণ্ডল বলেন, পৌর এলাকায় যেসব নর্দমা ছিল, সেগুলো বন্ধ করে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুব শিগগির এগুলো দখলমুক্ত করা হবে। পানি নিষ্কাশনের জন্য পৌর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে সংস্কারকাজ শুরু করা হয়েছে।