কক্সবাজার পৌরসভায় নালা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো অভিযান চলেছে। শহরের চাউলবাজার এলাকায় নালার ওপর তৈরি তিনটি ভবনের অংশবিশেষ গতকাল ভেঙে ফেলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার শহরের বাজারঘাটা ও বৌদ্ধমন্দির সড়কে সাতটি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশবিশেষ ভেঙে ফেলা হয়। এ ছাড়া মুচলেকা দিয়ে ১৫ দিনের মধ্যে নালার ওপর তৈরি স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন আরও ১০টি ভবনের মালিক। পৌর কর্তৃপক্ষ বলেছে, শহরের বিভিন্ন নালার ওপর ১২৯ জনের অবৈধ স্থাপনা রয়েছে।
১৩ মার্চ পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী ঘোষণা দেন, শহরের জলাবদ্ধতা নিরসন করতে হলে নালা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রয়োজন। কিন্তু গত ৪০ বছরে এ কাজটি করা সম্ভব হয়নি। সামান্য বৃষ্টিতে পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়।
এ নিয়ে ১৫ মার্চ প্রথম আলোয় ‘কক্সবাজারে ১২৯ প্রভাবশালীর দখলে নালা, তীব্র জলাবদ্ধতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল শুক্রবার সকালে শহরের চাউলবাজারে নুরুল হকের মালিকানাধীন একটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এরপর ভাঙা হয় মোহাম্মদীয়া ও আলেয়া নামে আরও দুটি ভবনের অবৈধ অংশ।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী, ছালামত উল্লাহ, জাবেদ মো. কায়ছার, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।
ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত দুদিনের অভিযানে ১০টি ভবনের অংশবিশেষ ভাঙা হয়েছে। আরও ১০টি স্থাপনার মালিককে ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে সময় বেঁধে দেওয়া হয়েছে। শহরের নালা দখলদার হিসেবে তালিকাভুক্ত ১২৯ ব্যক্তির স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ১০ মার্চ থেকে চার দিনের বৃষ্টিতে পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। পানি চলাচলের নালা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।