নালার ওপর দোকান হাটে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক হাঁটু পানি পাড়ি দিয়ে দোকানে আসি। পানি থ্যাকি উঠার পরই শুরু হয় চুলকানি। আর যতক্ষণ দোকানে বসি থ্যাকি, ততক্ষণ পচা গন্ধ থ্যাকি বাঁচার জন্য নাক চাপি ধরি রাখি।’নাটোরের লালপুর হাটের মুদিদোকানি আশরাফ হোসেন শুক্রবার এই কথাগুলো বলেন। ওই হাট ও এর আশপাশে দুর্গন্ধযুক্ত ময়লা পানি জমে থাকায় আশরাফ হোসেনের মতো লালপুর হাটের কয়েক শ ব্যবসায়ী এবং দশ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। পানি সরে যাওয়ার নালা বন্ধ করে দোকান বসানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, লালপুর হাটে হাঁটুপানি জমে আছে। পানিতে নানা রকম সবজি ও মাছ-মাংসের উচ্ছিষ্ট ভাসছে। পানির পচা গন্ধ এড়ানোর জন্য সবাই নাক চেপে চলাচল করছে। ব্যবসায়ীরা হাঁটুপানিতে দাঁড়িয়ে কেনাবেচা করছেন। দুর্গন্ধে টিকতে না পেরে ৪০ জন ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। চায়ের দোকানদার কালু মণ্ডল বলেন, ‘১০ দিন ধরে বৃষ্টি হওয়ায় হাটের ভেতরে পানি জমে গেছে। তাই দোকান বন্ধ রেখেছি। এখন ধারদেনা করে চলছি।’ মুদিদোকানি বেল্লাল হোসেন বলেন, ‘দোকানের সামনে পানি জমে আছে। কয়েক দিন ধরি কেউ মাল কিনতে আসে না। বেচাকেনা না হওয়ায় সংসার চালানো মুশকিল হচ্ছে।’মাংস ব্যবসায়ী সেন্টু হোসেন বলেন, হাটের পানি বের হওয়ার জন্য পদ্মা নদী পর্যন্ত নালা (ড্রেন) তৈরি করা হয়েছিল। দখলদারেরা নালা বন্ধ করে দোকান তৈরি করেছে। পরে হাটের পানি বের করা হতো পাশের পুকুরে। বর্তমানে পানি বের হওয়ার সেই নালাটি বন্ধ করে দোকানঘর তৈরি হচ্ছে। এতে পানি সরতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লালপুর বণিক সমিতির আহ্বায়ক মাহমুদুল হক বলেন, ‘প্রতি শনি ও বুধবার এখানে বড় হাট বসে এবং অনান্য দিনেও বড় বাজার বসে। এখানে সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আছে। দশ গ্রামের মানুষ এখানে পণ্যসামগ্রী কিনতে আসে। কিন্তু জলাবদ্ধতার কারণে অনেকেই হাট-বাজারে আসছে না। লালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী ইজারা থেকে পাওয়া টাকার ৪০ শতাংশ হাটের উন্নয়নে ব্যয় করার কথা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।