নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে নালার ওপর অনুমোদনহীন বিপণিবিতানের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন বহদ্দারহাট সিটি করপোরেশন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতারা। তাঁরা এই বিপণিবিতান নির্মাণের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি এসব দাবি উত্থাপন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ইউসুফ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ১৯৮৬ সালে এ বিপণিবিতান নির্মাণ করে। ওই সময় আমরা দোকান বরাদ্দ পাই। সম্প্রতি জলাবদ্ধতা নিরসনের জন্য সেখানে নালার প্রশস্ত করার উদ্যোগ নেয় করপোরেশন। করপোরেশনের খরচে ওখানে আবার বিপণিবিতান নির্মাণ করে বিদ্যমান মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে ইউসুফ আলী বলেন, বিপণিবিতান পুনর্নির্মাণে ঈর্ষান্বিত হয়ে পাশের বিপণিবিতানের মালিক ও ব্যবসায়ীরা গণমাধ্যমকর্মীদের ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার সৃষ্টি করে আসছেন। তাই নালার ওপর বিপণিবিতান নির্মাণ নিয়ে ‘অনৈতিক কার্যকলাপ’ বন্ধে মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. ইছাক, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, অর্থ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
চট্টগ্রামের বহদ্দারহাটে নালার ওপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনুমোদন না নিয়ে বিপণিবিতান নির্মাণ করছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে এ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় ও পাশের বিপণিবিতানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা ঝুঁকির মুখে পড়ায় এর নির্মাণকাজ বন্ধে করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার চিঠি দেয় পাশের বিপণিবিতান মালিক ও ব্যবসায়ীরা। তার পরও নির্মাণকাজ অব্যাহত রাখে করপোরেশন। পরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নির্মাণকাজ বন্ধ রাখে করপোরেশন।
এ ছাড়া গত বৃহস্পতিবার চউক অনুমোদনহীন এ বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চিঠি দেয়।