নালার ওপর র্যাম্পের পিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল ও নালার ওপর বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে ওঠায় ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ছে চট্টগ্রাম। চলতি মাসেই অন্তত পাঁচবার চট্টগ্রাম নগরের বড় একটি অংশ বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে। নালা-খাল রক্ষা করার কথা সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও নগরের বহদ্দারহাট উড়ালসড়কের র‌্যাম্পের (গাড়ি ওঠানামার পথ) দুটি পিলার স্থাপন করা হয়েছে নালার ওপর।
চট্টগ্রাম সিটি করপোরেশন বলছে, ওই নালা (সড়কের নিচ দিয়ে গেছে) দিয়ে বহদ্দারহাট এলাকার পানিনিষ্কাশন হয়। সেখানে পিলার নির্মাণ করায় উড়ালসড়কের প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে লিখিত আপত্তি জানিয়েছে সিটি করপোরেশন। গত ৩ এপ্রিল সিডিএর প্রকল্প পরিচালককে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, নালার ওপর পিলার নির্মাণ করায় বহদ্দারহাট এলাকার পানিনিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ প্রথম আলোকে বলেন, বাদুরতলা ও বহদ্দারহাট মোড়ের পানি চাক্তাই খালের পাশাপাশি এই নালা দিয়ে ডোম খাল হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। ডোম খালটি পুরোনো চান্দগাঁও থানা ভবন হয়ে কর্ণফুলী নদীর সঙ্গে মিশেছে। তিনি বলেন, সড়কের নিচের নালাটি ১০ ফুট গভীর ও ৮ ফুট চওড়া। এর দুটি স্থানে চতুর্ভুজ আকৃতির ৬ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের দুটি পিলার নির্মাণ করা হয়েছে। এতে নালার প্রশস্ততা কমে গেছে।
বহদ্দারহাট উড়ালসড়ক ২০১৩ সালের অক্টোবর মাসে চালু হয়। এটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। এই উড়ালসড়ক দিয়ে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতুর সংযোগ সড়ক পর্যন্ত যাওয়া যায়। শুরুতে এই উড়ালসড়কে ওঠানামার জন্য কোনো র্যা ম্প ছিল না। আগে কেউ বহদ্দারহাট থেকে আরাকান সড়কে যেতে চাইলে এই উড়ালসড়ক ব্যবহার করতে পারত না। এ কারণে উড়ালসড়ক থেকে আরাকান সড়কে ওঠানামার জন্য গত বছর র্যা ম্প নির্মাণ করার সিদ্ধান্ত নেয় সিডিএ। আগামী সেপ্টেম্বর মাসে র‌্যাম্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি নির্মাণের পর বহদ্দারহাট মোড়ের অসহনীয় যানজট এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নালাটির শুরু বহদ্দারহাট মোড়ের বাদুরতলা প্রান্তের এখলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে। শেষ হয়েছে প্রায় ৩০০ ফুট দূরে ডোম খালের মুখে। এর মধ্যে অন্তত ১০০ ফুটের মধ্যে পড়েছে দুটি পিলার। ইতিমধ্যে পিলার স্থাপনের কাজ শেষ হয়েছে। নালার পাশের দোকানি বহদ্দারহাট মোড়ের শান্ত হার্ডওয়্যার দোকানের মালিক মিন্টু নাথ বলেন, পিলার বসানোর কারণে বৃষ্টি হলে এই নালা দিয়ে পানি যেতে পারে না। অল্প বৃষ্টিতেও নালার আশপাশে পানি জমে যাচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে বহদ্দারহাট উড়ালসড়কের র্যা ম্প নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে ১৩টি পিলার স্থাপনের কাজ শেষ হয়েছে। এর মধ্যে প্রথম দুটি পিলার সিটি করপোরেশনের নালার ওপর পড়েছে।
উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মাটির নিচে ১০ ফুট গভীর নালার প্রায় ৪ থেকে ৫ ফুট আগেই ভরাট হয়ে গেছে। পিলার স্থাপনের আগে নালাটি পরিষ্কার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নকশা অনুযায়ী বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। এ জন্য নালার ওপর পিলার নির্মিত হয়েছে। তিনি বলেন, বহদ্দারহাট মোড়ের উভয় দিকের রাস্তা আরও চওড়া করা হবে। নালাটি আরও গভীর করা হবে। এরপর জলাবদ্ধতার সমস্যা থাকবে না বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘চিঠি এবং মৌখিকভাবে তাগাদা দিয়ে আমরা সিডিএর কোনো জবাব পাইনি। তারা বিকল্প কোনো নালাও তৈরি করে দেয়নি। বৃষ্টির কারণে ওই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।’