নালার পানি উপচে পড়েছে বগুড়ার ব্যস্ততম সড়কে
বৈশাখের খাঁ খাঁ রোদেও বগুড়া শহরের ব্যস্ততম কবি নজরুল সড়কে নালার পানি উপচে পড়ছে। নালার নোংরা পানি উপচে শহরের প্রধান এ সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পথচারীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে সড়কটির দুই পাশের পানিনিষ্কাশনের নালা সংস্কার না করায় বগুড়া পৌরসভা এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পরস্পরের ওপর দায় চাপাচ্ছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, বগুড়ার সাতমাথা থেকে থানামোড় পর্যন্ত কবি নজরুল ইসলাম সড়কটি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক। এ সড়কের মাঝখানের বিভাজকের পশ্চিম পাশের রাস্তা সকালে নালার উপচে পড়া পানিতে সয়লাব হয়ে রয়েছে। সাতমাথা থেকে ভেঙে ফেলা উত্তরা সিনেমা হলসংলগ্ন এলাকার জেলা জাতীয় পার্টির অফিস পর্যন্ত এ পথ দিয়ে পথচারীরা যাতায়াত করতে পারছে না। কবি নজরুল ইসলাম সড়কের পশ্চিম পাশের ব্যবসায়ীদের বিকিকিনিও বন্ধ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সূত্র জানায়, রাস্তার পশ্চিম পাশে ব্যাংক, বিমা, হোটেল, রেস্টুরেন্ট, ইলেকট্রনিক পণ্যের শোরুমসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তা ছাড়া ব্যস্ততম এ সড়কে দিন-রাত হাজারো পথচারী ও সব ধরনের যানবাহন যাতায়াত করে। রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত এ সড়ক হয়ে চলাচল করে ঢাকা-উত্তরাঞ্চল পথে চলাচল করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। অথচ পৌরসভার নালা-নর্দমার পানিনিষ্কাশন বন্ধ হওয়ায় প্রায়ই সড়ক ডুবে যাচ্ছে। এতে নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারা বছরই পথচারীদের এ দুর্ভোগের মুখোমুখি হতে হলেও নালা সংস্কারে উদ্যোগ নেই পৌরসভার।
গতকাল দুপুরে সাতমাথা থেকে কালিতলা যেতে স্ত্রী আনজুমান আরাকে নিয়ে রিকশায় ওঠেন ব্যবসায়ী সোবহান ফরিদ। কবি নজরুল ইসলাম সড়কের সিঙ্গার প্লাসের সামনে নালার পানিতে ডুবে যাওয়া সড়কের ভাঙা গর্তে হঠাৎ রিকশার চাকা পড়লে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। নালার ময়লা পানিতে দুজনেরই জামাকাপড় নষ্ট হয়ে যায়।
সোবহান ফরিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের সবচেয়ে ব্যস্ততম সড়কের এ কেমন হাল! আনজুমান আরা বলেন, পৌরসভা শুধু ট্যাক্স নেবে আর কোনো সেবা দেবে না—এমন পৌরসভার কোনো দরকার নেই।
অটোরিকশাচালক বৃন্দাবনপাড়ার আবদুল আজিজ বলেন, পুলিশ চাঁদা নেয়, ট্রাফিক চাঁদা নেয়। পৌরসভা চাঁদা নেয়। মালিক-শ্রমিক সমিতির নামে চাঁদা নেয়। কিন্তু শহরের ব্যস্ততম সড়কের এমন বেহাল হলেও কেউ নজর দেন না।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ প্রথম আলোকে বলেন, কবি নজরুল ইসলাম সড়কটি দেখভাল করে সওজ বিভাগ। সেই সড়ক নালার পানিতে ডুবে যান চলাচল বিঘ্নিত হলে তা দেখার দায়িত্বও ওই বিভাগের। তা ছাড়া পৌরসভার ওই নালা দিয়ে শহরের কয়েকটি হোটেল-রেস্টুরেন্টসহ আবাসিক হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্যপানি নিষ্কাশন হয়। পানির সঙ্গে পলিথিনসহ সব ধরনের বর্জ্য ফেলা হয় নালায়। এ কারণে পৌরসভা থেকে নালা পরিষ্কার করেও কোনো লাভ হয় না। নতুন করে শহরের পানিনিষ্কাশনের জন্য নালা করতে গেলে জায়গা এবং প্রায় তিন কোটি টাকা তহবিল দরকার। পৌরসভার তহবিলে এত টাকা নেই। তবে নালাটি দ্রুত পরিচ্ছন্ন করার জন্য পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হবে।
সওজ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কগুলো সওজের হলেও শহরের পানিনিষ্কাশন ও নর্দমা সংস্কারের দায়িত্ব পৌরসভার। পৌরসভা যদি দায়িত্ব এড়াতে চায়, তবে চিঠি দিয়ে সওজকে জানাতে পারে। আমরা ব্যবস্থা নেব।’