
চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের ফলের পাইকারি বাজারটি ফলমন্ডি নামে পরিচিত। দুই বছর ধরে এই ফলমন্ডির সামনের সড়কটি বৃষ্টি বা জোয়ারের পানি ছাড়াই ডুবে থাকে। নালার পানি সরতে না পেরে ওই রাস্তাটি জলমগ্ন থাকে। এতে চলাচলের ভোগান্তির সঙ্গে রয়েছে উৎকট গন্ধের দুর্ভোগ। ফলমন্ডিতে আড়াই শ দোকান রয়েছে।
এই জলমগ্নতার জন্য সিটি করপোরেশন দায়ী করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ)। আর সিডিএ দায়ী করেছে ফল ব্যবসায়ীদের।
গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, স্টেশনের সড়কের ফলমন্ডির সামনে অন্তত আড়াই শ মিটার সড়ক প্রায় এক ফুট পর্যন্ত ডুবে আছে। কালচে এই পানি থেকে বের হচ্ছিল উৎকট গন্ধ। রুমাল দিয়ে নাক চেপে লোকজনকে ওই এলাকা পার হতে দেখা গেছে।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর জন্য সিডিএকে দায়ী করেছেন। তিনি বলেন, কদমতলী উড়ালসড়ক নির্মাণের সময় চৈতন্যগলি-সংলগ্ন গোল্ডেন ইন হোটেলের পাশে একটি ক্রস এবং একটি বক্স নালা ভরাট করে ফেলেছে সিডিএ। কদমতলী ক্রসিংয়ের পাশে আরেকটি নালাও ভরাট করে ফেলা হয়। এ কারণে এনায়েতবাজার ও আশপাশের আবাসিক এলাকার পানি নালা দিয়ে প্রবাহিত হতে পারছে না। ওই পানি উপচে ফলমন্ডির সামনে সড়কটি ডুবে থাকছে।
তবে মেয়রের অভিযোগ মানতে নারাজ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, ফলমন্ডির পেছনে আড়তের লোকজন দেয়াল তুলেছে। প্রতিদিন কয়েক ট্রাক আবর্জনাও সেখানে ফেলা হয়। ফল ব্যবসায়ীদের অসচেতনতার কারণে নালায় পানিপ্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয় ফল ব্যবসায়ীদের অভিযোগ, ২০১৫ সালের জুনে কদমতলী উড়ালসড়ক চালু হয়। প্রকল্পটি বাস্তবায়নের সময় বা এর আগে কখনো স্টেশন সড়ক জলমগ্ন হয়নি। প্রকল্প শেষের পর থেকেই বছর দুয়েক ধরে ওই এলাকা জলমগ্ন হয়ে আসছে।
ব্যবসায়ীরা বলেন, নালার পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সে জন্য ফলমন্ডির প্রবেশমুখের দোকানগুলোর সামনে আড়াই ফুট উচ্চতার প্রাচীর দেওয়া হয়েছে। এরপরও এবারের বর্ষায় প্রাচীর উপচে ৮ থেকে ১০ দিন দোকানগুলোতে পানি ঢুকেছে।
সরেজমিনে দেখা গেছে, শুধু সড়ক নয়, স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মেও ওই পানি জমে ছিল। এই দুটি প্ল্যাটফর্ম দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করে। প্ল্যাটফর্মে পানি ঠেকাতে কয়েক মাস আগে রেলওয়ে কর্তৃপক্ষ পানিপ্রবাহের জায়গায় বাঁধ দিয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, স্টেশনের প্ল্যাটফর্মে ময়লা পানি ঢুকছে। আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে সিডিএ ও সিটি করপোরেশনের প্রকৌশলী সঙ্গে যোগাযোগ করছি।
ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ৪০ থেকে ৫০ বছরের ইতিহাসে ফলমন্ডি ডুবে যাওয়ার নজির নেই। সিডিএ ফ্লাইওভার বানানোর সময় বড় নালাগুলো ভরাট করে দিয়েছে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের অভিযোগ করে বলেন, ফ্লাইওভার নির্মাণের সময় কদমতলী প্রান্তের নালা সংকুচিত হয়েছে। এ ছাড়া স্টেশন সড়কের দুই পাশের নালা আগে ১৫ ফুট প্রশস্ত এবং ৭ থেকে ৮ ফুট গভীর ছিল। সেটি সংকুচিত করে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এসব কারণে স্টেশন রোডের ফলমন্ডি ও স্টেশনের দুটি প্ল্যাটফর্ম ডুবে যাচ্ছে।
সিটি করপোরেশনের অভিযোগ অস্বীকার করে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও কদমতলী উড়ালসড়কের প্রকল্প পরিচালক আহমেদ মঈনউদ্দিন বলেন, ফ্লাইওভার নির্মাণের সময় সড়কের দুই দিকের নালার প্রশস্ততা ও গভীরতা বাড়ানো হয়েছে। ফলমুন্ডির ব্যবসায়ীরা নালায় আবর্জনা ফেলে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করেছে।