
গত কয়েক মাসেও কুমিল্লা নগরের নালা থেকে ময়লা-আবর্জনা সরানো হয়নি। এতে নালার পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ছে। উপরন্তু আস্তাকুঁড়গুলোও (ডাস্টবিন) নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
নগর ভবন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৮৮ দশমিক ৪৬ কিলোমিটার নালা (ড্রেন) ও খাল রয়েছে। এর মধ্যে ১৭০ দশমিক ৯৬ কিলোমিটার নালা এবং ১৭ দশমিক ৫০ কিলোমিটার খাল। এ বছর বর্ষা মৌসুম শুরুর আগে খাল ও নালা পরিষ্কার করা হয়নি। নালাগুলোর মধ্যে ফলের খোসা ও পলিথিন ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এগুলো না সরানোর কারণে নালার মধ্যে পানি ও ময়লা জমে বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের বাগিচাগাঁও রূপসী বাংলা ভবনের উত্তর পাশে সড়কের মধ্যে বাসাবাড়ির ময়লা ও ফলের খোসা ফেলে রাখা হয়েছে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের তীর সংরক্ষণ না করে ভবন নির্মাণ করায় আস্তাকুঁড়ে ময়লা-আবর্জনা জমে আছে। এ ছাড়া নগরের কাপ্তান বাজার, পূর্ব রেসকোর্স খাল, কাঠেরপুল, ধানমন্ডি সড়ক, অশোকতলা, দক্ষিণ চর্থা এলাকার সব নালার মধ্যে আবর্জনার স্তূপ। গত কয়েক দিনের বৃষ্টিতে নালার ময়লা পানি উপচে সড়কের ওপর এসে জমে আছে। এ ছাড়া নগরের রামঘাট পুকুর, রানীর বাজার পুকুর, অশোকতলা পুকুরেও ময়লা ফেলা হচ্ছে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফেরদৌস জাহান বলেন, ‘কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এ সময় ময়লা-আবর্জনাসহ দূষিত পানির ওপর দিয়ে রোগী এবং তাদের সঙ্গে আসা লোকজনকে যাতায়াত করতে হয়। গত শনিবার এ রকম ভয়াবহ অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়েছে।’
নগর ভবনের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববারও নগর ভবনের সামনে পানি জমে ছিল। সেখানকার নালার পানি উপচে ময়লা নগর ভবনের ফটক পর্যন্ত চলে আসে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমরা নালার ময়লা-আবর্জনা পরিষ্কার করি। এবার সেটি করা হয়নি। আমিও তখন নির্বাচনের কারণে দায়িত্বে ছিলাম না। ১৫ দিন আগে নালার ময়লা পরিষ্কার করার জন্য কাজ শুরু করেছি। বর্ষা মৌসুমের আগে পুরো কাজ হয়তো শেষ করা যাবে না। এরপরও নালাগুলো পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি।’