
চট্টগ্রাম নগরের আরাকান সড়কের বহদ্দারহাট থেকে বাস টার্মিনাল পর্যন্ত দূরত্ব আধা কিলোমিটার। সড়কের পশ্চিম পাশে রয়েছে পাঁচ ফুট চওড়া নালা। নালার ওপর দেওয়া স্ল্যাবের ফুটপাতে সব সময়ই হাঁটাচলা রয়েছে মানুষের। কিন্তু এই আধা কিলোমিটার দূরত্বে কমপক্ষে পাঁচটি স্থানে নালার ওপরের স্ল্যাব ভেঙে গর্ত হয়ে আছে। আবার একটি স্থানে নালা ১০ ফুটের মতো উন্মুক্ত। এসব অংশে কোনো সতর্কতামূলক চিহ্ন নেই।
নগরের আরাকান সড়কের মতো সিডিএ অ্যাভিনিউ ও আগ্রাবাদ এক্সেস রোডের কিছু স্থানে নালা উন্মুক্ত, কোথাও স্ল্যাব নেই। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। তিনটি সড়কই ভারী বৃষ্টি হলে তলিয়ে যায়। হাঁটু থেকে কোমরপানি জমে সড়কে। তখন কোথায় নালা, কোথায় রাস্তা তা বোঝার উপায় থাকে না। ফলে বৃষ্টি হলেই আশঙ্কা থাকে দুর্ঘটনার।
গত দুই বছরে জলাবদ্ধতার সময় নগরের উন্মুক্ত নালায় পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২ জুলাই রাতে বৃষ্টির সময় নগরের মোহাম্মদ আলী সড়কের পাশের নালায় পড়ে মারা যান শীলাব্রত বড়ুয়া নামের সাবেক এক সরকারি কর্মকর্তা। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তা ও নালা পানিতে একাকার হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়া নালাগুলোর ওপর অবশ্যই স্ল্যাব থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মো. রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, যেখানে স্ল্যাব থাকবে না সেখানে সতর্কতামূলক নির্দেশনা টানিয়ে দিতে হবে।
সরেজমিনে দেখা গেছে, আরাকান সড়কের আধা কিলোমিটারের ওই অংশের মধ্যে চান্দগাঁওয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের চট্টগ্রাম ক্যাম্পাসের সামনের নালার মধ্যে স্ল্যাব ভেঙে পড়ে আছে। এই ক্যাম্পাস থেকে প্রায় তিন শ মিটার দূরত্বের চান্দগাঁও আবাসিক এলাকার মোড় পর্যন্ত কয়েকটি অংশে দুটি স্ল্যাবের জায়গায় একটি আড়াআড়ি করে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। আবার চান্দগাঁও আবাসিক এলাকার প্রবেশমুখের পাশে নালার প্রায় ১০ ফুট উন্মুক্ত। এসব এলাকায় পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে।

চান্দগাঁও এলাকায় একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী প্রথম আলোকে বলেন, নালার ময়লা পরিষ্কার করার জন্য স্ল্যাবগুলো সরানো হয়েছিল ছয় মাস আগে। কিন্তু এরপর আর ঠিকভাবে বসানো হয়নি। চান্দগাঁও আবাসিক এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সিডিএ অ্যাভিনিউ সড়কে ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউট এলাকা। এখানে দক্ষিণ পাশে তিন ফুট চওড়া নালার প্রায় ৫০০ গজ পর্যন্ত উন্মুক্ত।
ষোলশহর এলাকায় গাড়ি মেরামতকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ জামশেদ বলেন, নালায় যাতে কেউ না পড়ে সে জন্য পাশে বাঁশ দিয়ে রাখেন। তারপরও অনেকে পড়ে গিয়ে আহত হয়।
ষোলশহর থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বের দুই নম্বর গেটে এসে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশেও ৫০০ গজের বেশি অংশের (নাসিরাবাদের আপন নিবাস পর্যন্ত) নালায় স্ল্যাব নেই। নগরের দুই নম্বর গেট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আগ্রাবাদ এক্সেস রোডের বেপারিপাড়া মোড়। এই এলাকায় বেপারিপাড়া থেকে ছোটপুল পর্যন্ত প্রায় আধা কিলোমিটারে সড়কের দুই পাশে তিন থেকে পাঁচ ফুট চওড়া নালা থাকলেও কোনো স্ল্যাব নেই। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা চলাচলের জন্য নিজেদের উদ্যোগে নালার ওপর লোহার পাত বসিয়েছেন।

বেপারিপাড়ায় অবস্থিত আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা ফাহমিদা আক্তার প্রথম আলোকে বলেন, জোয়ারের সময় নালা ও রাস্তা পানিতে ডুবে যায়। তখন ঝুঁকি এড়ানোর জন্য বিদ্যালয়ের দপ্তরিকে দিয়ে শিক্ষার্থীদের রাস্তা পার করে দেওয়া হয়।
২০১৫ সালের ৩১ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে আগ্রাবাদের সিঅ্যান্ডবি কলোনির পাশে বিল্লাপাড়া এলাকায় সড়ক ও নালা ডুবে যায়। এ সময় নালায় একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে যায়। এতে অটোরিকশাচালক মাহবুবুর রহমান ও যাত্রী ব্যবসায়ী ফিরোজ জামান খান ঘটনাস্থলে নিহত হন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, নগরে পাকা নালা আছে ৭১০ কিলোমিটার। এসব নালার গড় প্রস্থ ১ দশমিক ১০ মিটার। ৫৫ কিলোমিটার কাঁচা নালার গড় প্রস্থ ১ দশমিক ৪০ মিটার।
কিন্তু চট্টগ্রাম নগরে কী পরিমাণ নালার ওপর স্ল্যাব আছে সেই তথ্য সিটি করপোরেশনের কাছে নেই। এ ব্যাপারে জরিপ করা হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, অনেক জায়গায় নালার ওপর থেকে স্ল্যাব সরে গেছে। কোথাও ভেঙে হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক জায়গায় স্ল্যাব চুরি হয়েও গেছে।