নাটোরের গুরুদাসপুর পৌরসভার বেশির ভাগ এলাকায়ই নালা (ড্রেন) নেই। এসব এলাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর যেসব এলাকায় নালা আছে, সেগুলোতে ময়লা-আবর্জনা জমে থাকে। এতে দুর্গন্ধে ওই সব এলাকার মানুষের জীবন অতিষ্ঠ।পৌরসভার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পৌর কর্তৃপক্ষ শহরের অধিকাংশ এলাকায় নালা নির্মাণ করেনি। যেসব এলাকায় নালা আছে, সেগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না। এতে সামান্য বৃষ্টি হলে নালা উপচে ময়লা-আবর্জনা রাস্তায় উঠে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন ১১ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। এর মধ্যে পাঁচ কিলোমিটারে নালা নির্মাণ করা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিদিন নালা পরিষ্কার করার নিয়ম রয়েছে।শহরের চাঁচকৈড় দুধবাজারের হোমিওপ্যাথিক চিকি ৎসক মো. কামাল হোসেন জানান, নালার ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে দুর্গন্ধে টেকা যায় না।ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ী হামিদুর রহমান জানান, চাঁচকৈড় দুধবাজার এলাকার নালা পরিষ্কার না করায় ব্যবসায়ীদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। তা ছাড়া ক্রেতারাও দুর্গন্ধের কারণে এখানে আসতে চান না। পথচারীরা নাক চেপে চলাচল করেন।গাড়িষাপাড়া মহল্লার মো. শাহরিয়ার সোহেল, আলমাস ও শাহজাহান আলী জানান, গাড়িষাপাড়া মহল্লাটি আবাসিক। কিন্তু সম্প্রতি এখানে চাতাল ও গরুর খামার করা হয়েছে। পরিষ্কার না করলে চাতাল, বাসা এবং খামারের ময়লা-আবর্জনা ও বর্জ্য নালায় জমে থাকে। বৃষ্টি হলেই ওই সব বর্জ্য রাস্তায় ছড়িয়ে পড়ে। এর মধ্যেই ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। অনেক সময় এলাকাবাসী উদ্যোগ নিয়ে নালার বর্জ্য পরিষ্কার করেন।গুরুদাসপুর এলাকার বাসিন্দা সেলিম জানান, একটি নালার অভাবে এ এলাকার আটটি পরিবারের বাসার সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে নিজ উদ্যোগে মাটি ফেলে কয়েকটি পরিবারের লোকজন যাতায়াত করছে।পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী জানান, চলতি বাজেটে নতুন নালা নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। লোকবলের সংকটের কারণে নিয়মিত নালা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। শিগগিরই নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।