নালায় নির্মিত হচ্ছে ভবন
কুমিল্লা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লাকসাম সড়কের লাকী হাউসসংলগ্ন নালার ওপর পাইলিং করে বহুতল ভবন নির্মিত হচ্ছে। এ কারণে অর্ধশতাব্দীর পুরোনো নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। তবে বিবাদীপক্ষ আদালতকে ওই স্থানে তিনতলা বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানায়। কিন্তু বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে জায়গাটি খোলা। কেবল সেখানে পাইলিং করা হয়েছে। আদালতের নিয়োগ করা কমিশনারের পরিদর্শন প্রতিবেদনেও পুরোনো নালার ওপর নির্মাণকাজ চলার কথা উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দুই মাস ধরে লাকসাম সড়কের দক্ষিণ চর্থা এলাকার শাহজাদা সফিউল্লাহ গংদের সঙ্গে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার নূরজাহান বেগমের এ নিয়ে বিরোধ চলছে।সংশ্লিষ্ট সূত্র ও দলিলপত্র ঘেঁটে জানা গেছে, ১৯৮৭ সালের ১৭ ফেব্রুয়ারি ছাদরুল হোসেন চৌধুরী তাঁর স্ত্রী মরিয়মের নেছাকে ২২ শতক সম্পত্তি দান করেন। ১৯৯৫ সালের ১৮ জুন মরিয়মের নেছা ওই জায়গার ১৫ শতক শাহজাদা সফিউল্লাহ, শিবলী মোহাম্মদ নূর উল্লাহ ও প্রয়াত ছাদরুল উল্লাহকে দান করেন। একই সঙ্গে ১৯৯৫ সালের ৪ এপ্রিল বাকি ৭ শতক জায়গা জাহাঙ্গীর হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমের কাছে বিক্রি করেন। ওই সময় দলিলে উল্লেখ করা হয়, ‘বিক্রীত ভূমির পশ্চিম অংশে যে দোকানঘর আছে, সে দোকানঘরের চালের পানি পশ্চিম পাশে নালায় পড়বে। এতে গ্রহীতাগণের কোনো ধরনের আপত্তি থাকবে না।’ ১৯৯৭ সালে বাংলাদেশ জরিপে (বিএস) জাহাঙ্গীর হোসেন ওই জমির পরিমাণ ৭ দশমিক ১২ শতক উল্লেখ করেন। ২০০০ সালে জাহাঙ্গীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার চিকিৎসক নূরজাহান বেগমের কাছে ওই জায়গা বিক্রি করেন। পরবর্তী সময়ে নূরজাহান বেগম ৭ শতক জায়গাই খারিজ করেন। ২০১১ সালের আগস্ট মাসে নূরজাহান বেগম বাড়ির কাজ শুরু করেন। একই সঙ্গে নালার ওপর পিলার করে পানি নিষ্কাশন বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা শাহজাদা সফিউল্লাহ, শিবলী মোহাম্মদ নূর উল্লাহ, ছাদরুল আমিন ও ছাদরুল হাসান মৌখিকভাবে আপত্তি জানান। পরে তাঁরা গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদর্শ সদর উপজেলার সিনিয়র সহকারী জজ রেজাউল করিম চৌধুরীর আদালতে নূরজাহান বেগম, মিজানুর রহমান ও প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরপর ওই আদালতের বিচারক জায়গাটি পরিদর্শনের জন্য একজন কমিশনার নিযুক্ত করেন। গত ১৯ সেপ্টেম্বর অ্যাডভোকেট কমিশনের আবু ইউসুফ চৌধুরী তাঁর পরিদর্শন প্রতিবেদন আদালতের কাছে জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘নালিশি তফসিলভুক্ত ভূমির জায়গায় পুরাতন একটি ড্রেনের চিহ্ন পাওয়া যায়। ওই ড্রেনের ওপর নির্মাণকাজ চলছে। উক্ত ভূমিতে বহুতলবিশিষ্ট ভবনের জন্য নির্মাণকাজের সামগ্রী রাখা হয়েছে।’ এরই পরিপ্রেক্ষিতে আদালত গত ২৮ সেপ্টেম্বর পাঁচ দিনের জন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ২ অক্টোবর ওই মামলার তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে ৩ অক্টোবর রায় প্রকাশ করেন। এতে আদালতের সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বিবাদীপক্ষে রায় দেন এবং ২৮ সেপ্টেম্বরের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল করে। মামলার বাদী শাহজাদা সফিউল্লাহ, শিবলী মোহাম্মদ নূরউল্লাহ, ছাদরুল আমিন ও ছাদরুল হাসান অভিযোগ করেন, বিবাদীপক্ষ আদালতে তিনতলা ভবন হয়েছে বলে উল্লেখ করে। কিন্তু সেখানে কেবল মাটির নিচে পাইলিং করা হয়েছে। বিবাদীরা অর্ধশতাব্দীর পুরোনো নালা বন্ধ করে দিয়েছে। ওই কারণে জলাবদ্ধতা দেখা দেবে। আমরা এ ব্যাপারে সিটি করপোরেশনে অভিযোগ করেছি।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নূরজাহান বেগম গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বলেন, আমরা আমাদের জায়গায় ভবন নির্মাণ করছি। বাদীপক্ষ মামলায় হেরে আমাদের হয়রানি করছে। নালা আমাদের জায়গায়, তাই আমরা সেখানে পাইলিং করেছি। নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও মামলার ৩ নম্বর বিবাদী আনিছুর রহমান বলেন, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। বাদীপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। স্থিতাবস্থা উঠে যাওয়ার পর আমরা আবার কাজ করছি।কুমিল্লা সিটি করপোরেশনের সচিব শামসুল আলম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।