নালায় পাওয়া নবজাতককে হাসপাতালে রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নালায় উদ্ধার হওয়া সেই নবজাতককে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ধার্য দিনে চট্টগ্রাম মহানগর শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এই আদেশ দেন।

এদিকে শিশুটিকে লালন-পালনের জিম্মায় পেতে গতকাল আরেক নারী আদালতে আবেদন করেন। আদালত আগামী ১১ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

গত ২৭ আগস্ট সকালে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় নালার ভেতরে একটি কাগজের কার্টন থেকে এক দিন বয়সী নবজাতককে উদ্ধার করেন ভিক্ষুক মা-মেয়ে। পরে দুপুরে তাঁরা নবজাতকটিকে থানায় নিয়ে যান। পুলিশ কোনো অভিভাবক না পাওয়ায় নবজাতককে আদালতে পাঠায়। আদালত নবজাতকটিকে হাসপাতালে চিকিৎসা দিতে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। নবজাতকটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

মহানগর শিশু আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার আদালতে নবজাতকটির বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়, বর্তমানে নবজাতকটির শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নয়। এ ছাড়া হাসপাতালে দীর্ঘদিন অবস্থানের কারণে জীবাণু সংক্রমণের আশঙ্কাও রয়েছে। সে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে।

প্রতিবেদনটি পাওয়ার পর আদালত নবজাতককে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

সরকারি কৌঁসুলি আরও বলেন, নবজাতকটিকে লালন-পালনের জিম্মায় পেতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আয়েশা আক্তার নামের এক নারী আবেদন করেন। তাঁর চারটি কন্যা সন্তান রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলো হওয়ায় আর সন্তান নেওয়া ঝুঁকিপূর্ণ। এ জন্য তিনি নবজাতকটিকে সন্তান হিসেবে লালন-পালন করতে চান। এর আগে গত ৩১ আগস্ট খুকি আক্তার নামের এক নারী শিশুটিকে জিম্মায় পেতে আবেদন করেছিলেন। সবগুলো আবেদনের ওপর আগামী ১১ অক্টোবর শুনানি হতে পারে বলে বলেন সরকারি কৌঁসুলি।