নালায় পড়ার চার ঘণ্টা পর বুড়িগঙ্গায় মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব
নিরব

খোলা ও গভীর নালার পাশে খেলছিল তিন শিশু। হঠাৎ তাদের একজন ইসমাইল হোসেন ওরফে নিরব পড়ে যায় নালায়। পানির তোড়ে ভেসে যেতে থাকে সে। প্রায় চার ঘণ্টা পর এক মাইল দূরে বুড়িগঙ্গা নদীতে নালার মুখ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এর আগেই নিভে গেছে পাঁচ বছরের ইসমাইলের জীবনপ্রদীপ।
রাজধানীর শ্যামপুরের পালপাড়ায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে ২৬ ডিসেম্বর বিকেলে চার বছরের শিশু মো. জিহাদ শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার ব্যর্থ চেষ্টার পর স্বেচ্ছাসেবকেরা খাঁচা ফেলে জিহাদের নিথর দেহ তুলে এনেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক।
শিশু ইসমাইল মা-বাবার সঙ্গে পালপাড়া বরইতলায় থাকত। সে মা-বাবার একমাত্র সন্তান। তার মা নাজমা বেগম বুক চাপড়ে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, বিকেল চারটার দিকে ইসমাইল বাসার পাঁচ-সাত গজ দূরে নালার পাশে খেলতে যায়। সঙ্গে ছিল দুই শিশু। হঠাৎ তিনি শুনতে পান, ইসমাইল নালায় পড়ে গেছে। প্রতিবেশী ও স্বজনেরা নাজমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি শিশু ক্যাসেটের ফিতা বের করে নালার পানিতে ফেলছিল ও আবার তুলছিল। খেলার সময় তাদের একজন নালায় পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন নালায় নামলেও পানির তোড়ের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নালায় জমে থাকা ময়লা-আবর্জনার মধ্যে তাকে খুঁজতে থাকেন। খবর পেয়ে উৎসুক অসংখ্য মানুষ নালার দুই পাশে ভিড় জমান। তাঁদের অনেকে শিশুটির জন্য প্রার্থনাও করতে থাকেন। ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়।
সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, পানির প্রবল স্রোতের মধ্যে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খুঁজতে খুঁজতে রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে বুড়িগঙ্গায় নালাটির মুখে নিথর অবস্থায় ইসমাইলকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাকে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি আগেই মারা গেছে। এ কথা শুনেই মূর্ছা যান ইসমাইলের বাবা রেজাউল ইসলাম। ছেলে হারানোর শোকে তিনি বারবার মূর্ছা যেতে থাকেন। তিনি নরসিংদীর ভুলতায় আরএফএল কোম্পানির কর্মী। বরইতলায় ছোট একটি টিনশেড ঘরে ভাড়া থাকেন তাঁরা।
ইসমাইলকে উদ্ধারের জন্য নালার দূষিত পানিতে নামা ডুবুরিদের একজন আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, নালাটিতে শিল্পকারখানার বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলা হয়।
ওই নালা খোলা থাকার দায় কার, জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, এটি ওয়াসার নয়, শিল্পপ্রতিষ্ঠানের লাইন। ওয়াসা এভাবে নালা খোলা রাখে না। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য লোক পাঠানো হয়েছে।
রাত ১২টায় যোগাযোগ করা হলে কদমতলী থানার ওসি বলেন, নালাটি শিল্পকারখানা মালিক সমিতির। নালা খোলা রাখার অভিযোগে সমিতির বিরুদ্ধে মামলা করা হবে।