নালায় ভাসছিল চার নবজাতকের লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরবেলা নালায় ভাসছিল চার নবজাতকের লাশ। দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশ এলাকায় খোঁজ-খবর নেয়। একসঙ্গে চারটি লাশ কোথা থেকে এল বা কারা ফেলল, এর কোনো সন্ধান পায়নি পুলিশ। শেষে নালার পাশের একটি পাহাড়ি ছড়া দিয়ে ভাসিয়ে দেওয়া হয় চার নবজাতকের লাশ। সিলেট নগরের অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেট এলাকায় গত শুক্রবার ঘটেছে এ ঘটনা।কয়েকজন প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, হাউজিং এস্টেট এলাকায় দুপুরে মালনীছড়া সেতুর নিচে নালায় নবজাতকের দুটো লাশ ভাসতে দেখা যায়। ঘণ্টা খানেক পর গোয়াইছড়া থেকে ওই নালায় ভেসে আসে আরও দুটো লাশ। এলাকাবাসী তখন পুলিশকে খবর দেন। সিলেট কোতোয়ালি থানার আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য-তালাশ চালিয়ে নবজাতকের লাশ সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় গোয়াইছড়া দিয়ে ভাসিয়ে দেওয়া হয়।আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, চার নবজাতকের বয়স অনুমান এক থেকে দুই দিনের বলে মনে হয়েছে। মৃত অবস্থায় প্রসব হওয়ায় হয়তো কোনো ক্লিনিক থেকে নালায় এসব লাশ ফেলা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করে এলাকাবাসীর পরামর্শে চারটি লাশ গোয়াইছড়া দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। ওই এলাকায় নবজাতক-সম্পর্কিত কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ঘটনা খতিয়ে দেখবে বলে তিনি জানান।